বিএনপির নেতারা টাকার বিনিময়ে সার ডিলার নিয়োগ দিয়েছেন : গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সারের ডিলার নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলে বিএনপির নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি

2026-10-16T07:22:21+00:00
2026-10-16T07:22:21+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
রাজনীতি
বিএনপির নেতারা টাকার বিনিময়ে সার ডিলার নিয়োগ দিয়েছেন : গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৭:২২ এএম 
বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত
সারের ডিলার নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলে বিএনপির নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেছেন, বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন। সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশে সার সংকট তৈরি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, দেশে সংকটের অভাব নেই; যেখানেই হাত দেওয়া হচ্ছে, সেখানেই সংকট দেখা যাচ্ছে। সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ করা হয়েছে। সার বিতরণ ও ডিলার নিয়োগে দুর্নীতি, অনিয়ম ও নৈরাজ্য হয়েছে। বিদ্যমান সরকারি নীতিমালা লঙ্ঘন করে এসব করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব কৃষিমন্ত্রীর হলেও এ বিষয়ে কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জেলায় গঠিত কমিটিতে রাজনৈতিক বিবেচনায় তিনজনকে মনোনীত করায় যোগ্য ব্যক্তিদের ডিলার হিসেবে নিয়োগের সুযোগ সীমিত হয়েছে বলে দাবি করেন তিনি।

জামায়াতের এই নেতা অভিযোগ করেন, সরকারের অব্যবস্থাপনা, ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতি, কালোবাজারে সার বিক্রি এবং চোরাচালানের কারণে দেশে সারসংকট তৈরি হয়েছে। দিনাজপুর ও রংপুরের বদরগঞ্জসহ বিভিন্ন এলাকায় অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের অভিযোগ পাওয়া গেছে বলেও জানান তিনি।

গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে গোলাম পরওয়ার আরও বলেন, অনুসন্ধানে বিএনপির ১৪ জন সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় সার সংকটের তথ্য পাওয়া গেছে। এক এলাকার বাসিন্দাকে অন্য এলাকায় ডিলারশিপ দেওয়া হয়েছে। সারের ব্যবসা না করেও অনেকে ডিলারশিপ পেয়েছেন বলে অভিযোগ করেন তিনি। একই পরিবারের একাধিক ব্যক্তিকে ডিলারশিপ দেওয়া, ভুয়া গুদাম ও চুক্তিনামা দেখিয়ে লাইসেন্স নেওয়ার অভিযোগও তোলেন জামায়াতের এই নেতা।

তার দাবি, রংপুরের পীরগাছায় বিএনপির প্যাডে দেওয়া ডিলার নিয়োগের তালিকায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের নাম পাওয়া গেছে।

জামায়াতের ছয় দফা দাবি

সারের ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জামায়াত।

দলটির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—ডিলার নিয়োগের যোগ্যতার মানদণ্ড, তালিকা তৈরির প্রক্রিয়া ও লাইসেন্স প্রদানের ভিত্তি প্রকাশ; অর্থ আদায়ের অভিযোগ তদন্ত; সারসংকট নিয়ে সরকারি বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির অসংগতি যাচাই; এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের লিখিত ব্যাখ্যা প্রকাশ। অভিযোগের ক্ষেত্রে প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে দলটি।


মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ছয়-সাত মাসে সরকারের সর্বস্তরে দলীয়করণ, দুর্নীতি ও মন্ত্রীদের মিথ্যাচার নিয়ে জামায়াত উদ্বিগ্ন। সরকারের ব্যর্থতা আড়াল করতে অন্যের ওপর দায় চাপানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় সরকারের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সংবিধান সংস্কার প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংস্কার করতে চায় তার দল। তবে সরকার বিরোধী দলকে এ প্রক্রিয়ার বাইরে রেখে কর্তৃত্ববাদী কাঠামো তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ বিতর্ক রাজপথে না নিয়ে সংসদে সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ ছাড়া সার, তেল, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটে উৎপাদন খরচ ও দ্রব্যমূল্য বাড়ছে উল্লেখ করে নগরবাসী ও প্রান্তিক কৃষকদের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান গোলাম পরওয়ার। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বিএনপি  নেতা  ডিলার নিয়োগ  গোলাম পরওয়ার 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: