প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৪১ পিএম আপডেট: ২৯.১১.২০২৬ ১১:৪৩ পিএম

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। সংগৃহীত ছবি
জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। সংগৃহীত ছবি স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ ডিসেম্বর সংলাপের শেষ দিনে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একই সঙ্গে অংশ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে জোটবদ্ধভাবে সংলাপে বসার সিদ্ধান্ত থাকলেও এনসিপি জানিয়েছে, তারা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দলগতভাবেই অংশ নেবে।
এর আগে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে জোটবদ্ধভাবে ইসির সংলাপে অংশ নেওয়ার কথা জানানো হয়। তবে এ বিষয়ে ভিন্নমত পোষণ করে এনসিপি ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দল দুটি পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আলাদাভাবে সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার স্টার নিউজকে বলেন, ১১ দলের সঙ্গে নয়, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দলগতভাবে ইসির সংলাপে অংশ নেবে এনসিপি। তবে ১ ডিসেম্বর জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের অন্য দলগুলোকে ইসি আমন্ত্রণ জানালে তাদের কিছু করার থাকবে না। ইসির চিঠির ভিত্তিতেই তারা সংলাপে বসবেন।
এদিকে সংলাপের প্রথম দিন ২৯ নভেম্বর জামায়াতে ইসলামীর অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দলটি সংলাপে যায়নি। একই দিনে সংলাপে অংশ নেয়নি ১১ দলীয় ঐক্যের আরেক শরিক দল এলডিপিও।
আগামীকাল ইসির সংলাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ খেলাফত মজলিসও। অনিবার্য কারণ দেখিয়ে সংলাপে না যাওয়ার বিষয়টি ইসি সচিবকে জানিয়েছেন দলটির মহাসচিব জালালুদ্দিন আহমেদ। স্টার নিউজকে তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের সিদ্ধান্ত অনুযায়ী সব দল একসঙ্গে সংলাপে বসবে।
অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ স্টার নিউজকে বলেন, ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে একসঙ্গে সংলাপে বসার বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। ইসি নতুন করে সময় দিলে তারা সংলাপে অংশ নেবেন। ১ ডিসেম্বর আমন্ত্রণ জানানো হলে সেদিনই সংলাপে বসবেন তারা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ হওয়ার কথা রয়েছে। শেষ দিনে কমিশন যদি প্রথম ও দ্বিতীয় দিনে অংশ না নেওয়া জামায়াতে ইসলামী, এলডিপি ও বাংলাদেশ খেলাফত মজলিসকে আমন্ত্রণ জানায়, তাহলে একই দিনে জামায়াত ও এনসিপির সংলাপে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রোববার (২৯ নভেম্বর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন।
সময়ের আল/ইউএমএইচ