কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘কথিত লকডাউন’, সড়কের চিত্র নিত্য কর্মব্যস্ততা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘দেশব্যাপী লকডাউন’ কর্মসূচি ঘিরে ব্যাপক প্রচার-প্রচারণা চললেও রাজধানীর পথে এর কোনো প্রভাব দেখা যায়নি।

2026-11-29T15:57:04+00:00
2026-11-29T17:13:08+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রাজনীতি
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘কথিত লকডাউন’, সড়কের চিত্র নিত্য কর্মব্যস্ততা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৩:৫৭ পিএম  আপডেট: ২৯.১১.২০২৬ ৫:১৩ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘কথিত লকডাউন’ কর্মসূচিতে রাজধানীর পল্ট্ন মোড়ে কর্মব্যস্ত রোববার দুপুরের চিত্র। ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘কথিত লকডাউন’ কর্মসূচিতে রাজধানীর পল্ট্ন মোড়ে কর্মব্যস্ত রোববার দুপুরের চিত্র। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘দেশব্যাপী লকডাউন’ কর্মসূচি ঘিরে ব্যাপক প্রচার-প্রচারণা চললেও রাজধানীর পথে এর কোনো প্রভাব দেখা যায়নি। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন ও মানুষের স্বাভাবিক চলাচল ছিল। অফিস-আদালত, ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠানেও কার্যক্রম চলেছে। তবে, গোপালগঞ্জসহ দেশের কয়েকটি স্থানে কর্মসূচিকে কেন্দ্র করে অবরোধ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) থেকে দুই দিনের লকডাউন কর্মসূচি শুরু করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। অনলাইনে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হলেও দেশের বিভিন্ন এলাকার বাস্তব চিত্র ছিল ভিন্ন। কোথাও স্বাভাবিক কর্মব্যস্ততা, আবার কোথাও বিচ্ছিন্ন সহিংসতা ও যান চলাচলে প্রতিবন্ধকতা দেখা গেছে।

রাজধানীতে স্বাভাবিক কর্মব্যস্ততা

সরেজমিন ঘুরে, সকাল থেকেই রাজধানীর মিরপুর, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান, পল্টন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করতে দেখা গেছে। সপ্তাহের শুরুর দিনে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা নিয়মিত কাজের উদ্দেশ্যে বের হয়েছেন। কোথাও কোথাও যানজটও ছিল।

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিপণিবিতান ও বেসরকারি অফিসের কার্যক্রম স্বাভাবিক ছিল। দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানও খোলা ছিল। ফলে অনলাইনে লকডাউনের প্রচারণার সঙ্গে রাজধানীর বাস্তব পরিস্থিতির বড় ধরনের পার্থক্য দেখা গেছে।

এ ছাড়া, ঢাকা থেকে সারাদেশের যান চলাচল স্বাভাবিক থাকার খবর পাওয়া গেছে। দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন নিয়মিত চলাচল করেছে।

গোপালগঞ্জে রাজধানীর উল্টো চিত্র

রাজধানীর চিত্রের বিপরীতে গোপালগঞ্জে ভিন্ন প্রভাব পড়েছে বেশি। জেলার বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। এতে, ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের কয়েকটি অংশে যান চলাচল ব্যাহত হয়েছে। গোপালগঞ্জ-টেকেরহাট ও পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কেও যান চলাচল বন্ধ থাকার খবর পাওয়া গেছে। জেলা থেকে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। 

কর্মসূচি ঘিরে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে বাস, রাজনৈতিক নেতাদের বাড়ি, বিদ্যুৎ স্থাপনা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলার খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ১৪ জেলায় ২০টির বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে বিজিবির ৫৮ প্লাটুন, আনসার ব্যাটালিয়নের ১৫ প্লাটুন এবং প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েনের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এ ছাড়া, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে নজরদারি বাড়ানো হয়েছে। 

সারাদেশে ‘লকডাউনের’ প্রভাব

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘দেশব্যাপী লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায়ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকার প্রবেশপথ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনী গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় সতর্ক অবস্থানে রয়েছে।

শরীয়তপুরে সংঘর্ষে নিহত ২ : পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময়, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাতে অন্তত ৩০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। পরে, সেখানে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে যুবলীগের এক কর্মীসহ দুইজন নিহত হন। এ ছাড়া, দুজন গুলিবিদ্ধ হওয়ার খবরও পাওয়া গেছে। পরে, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় দেশীয় অ.স্ত্রশ.স্ত্র নিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবি : সময়ের আলো
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় দেশীয় অ.স্ত্রশ.স্ত্র নিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবি : সময়ের আলো

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় দেশীয় অ.স্ত্রশ.স্ত্র নিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবি : সময়ের আলো


মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ : রাজৈর উপজেলার টেকেরহাটে ভোর থেকে মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ ব্যাহত হয়। অবরোধের কারণে বরিশাল থেকে ঢাকাগামী বাস চলাচলও বন্ধ ছিল। পরে, আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ফরিদপুরেও সড়কে প্রতিবন্ধকতা : ফরিদপুরের বিভিন্ন স্থানে মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। এসব প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে বিজিবি। 

কর্মসূচির আগের ২৪ ঘণ্টায় ১৪ জেলায় নাশকতা : লকডাউনের আগে ২৪ ঘণ্টায় অন্তত ১৪ জেলায় ২০টির বেশি সহিংসতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় বাস, রাজনৈতিক নেতাদের বাড়ি, বিদ্যুৎ উপকেন্দ্র ও গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্যবস্তু হয়। 

বিভিন্ন জেলায় বাস-ট্রেন ও স্থাপনায় হামলা : কর্মসূচির আগের সময়টিতে ঢাকা, নারায়ণগঞ্জ, রংপুর, চাঁদপুর, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, পিরোজপুর, ভোলা, মেহেরপুর, ফরিদপুর ও নাটোরসহ বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ট্রেনের বগিতে আগুন, বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা, পেট্রোলবোমা ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসব ঘটনায় অন্তত আটটি বাস ও একটি ট্রেনের বগি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। 

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

সম্ভাবনা ও নাশকতা প্রতিরোধে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। ঢাকার প্রবেশপথ যেমন—আমিনবাজার, আশুলিয়া বেড়িবাঁধ ও চন্দ্রা এলাকায় বসানো হয় পুলিশের বিশেষ চেকপোস্ট। সেখানে ঢাকামুখী বিভিন্ন গণপরিবহন, মাইক্রোবাস ও পথচারীদের ব্যাগ তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালে সাভার ও আশুলিয়া এলাকার প্রবেশপথ থেকে চারজন সন্দেহভাজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

এ ছাড়া, কর্মসূচির আগের ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ দিকে, নাশকতা ঠেকাতে ঢাকা, গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনের খবরও প্রকাশিত হয়েছে।

বিচ্ছিন্ন আতঙ্ক ও নগরবাসীর প্রতিক্রিয়া

কর্মসূচিকে ঘিরে রাজধানীর কয়েকটি স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেলেও তা সামগ্রিক জনজীবনে বড় কোনো প্রভাব ফেলতে পারেনি। সাধারণ নগরবাসী অনলাইনের ধর্মঘট বা লকডাউনের ঘোষণা উপেক্ষা করেই দৈনন্দিন কাজের প্রয়োজনে বাইরে বেরিয়ে আসেন। সাধারণ ব্যবসায়ী ও চাকরিজীবীদের মতে, অনলাইনের মাধ্যমে ডাকা লকডাউন সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে এবং সবাই স্বাভাবিক ও শান্তিময় পরিবেশের পক্ষেই সায় দিয়েছেন।

বিএনপি নেতার বক্তব্য, লকডাউন সন্ত্রাসীদের কর্মসূচি

লকডাউনের নামে দেশে যেসব কর্মসূচি চলছে, সেগুলো রাজনৈতিক আন্দোলন নয়, বরং সন্ত্রাসীদের কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (২৯ নভেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশ স্বাভাবিকভাবেই চলছে। সন্ত্রাসীদের কোনো কর্মকাণ্ডকে আন্দোলন হিসেবে দেখার সুযোগ নেই।

রিজভী অভিযোগ করেন, পরাজিত শক্তি বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রতিদিন কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও পেট্রল ছিটিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এসব ঘটনায় মানুষও প্রাণ হারাচ্ছে। সরকার পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলার চেষ্টা করছে।

অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কোনো শঙ্কা নেই এবং পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েনেরও কোনো পরিকল্পনা।

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নওডোবা এলাকায় ঘটে যাওয়া একটি সংঘর্ষের প্রসঙ্গও তুলে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ফজরের নামাজের পর ওই এলাকায় একটি ঘটনা ঘটেছে। একদল লোক পদ্মা সেতুতে এসে ব্যারিকেড সৃষ্টি করতে চেয়েছিল। তবে তাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ বা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় দুজনের প্রাণহানির খবর মিলেছে বলেও জানান তিনি।

সব মিলিয়ে, অনলাইনে লকডাউন নিয়ে প্রচারণা থাকলেও সড়কের বাস্তবতা ছিল অনেকটাই কর্মব্যস্ত। মানুষের দৈনন্দিন চলাচল ও কাজকর্ম অব্যাহত থাকায় কর্মসূচির প্রভাব ছিল এলাকাভেদে ভিন্ন—কোথাও স্বাভাবিক জীবনযাত্রা, আবার কোথাও বিচ্ছিন্ন অবরোধ ও সহিংসতা।

সময়ের আলো/এসকে
  বিষয়:   অনলাইন  আওয়ামী লীগ  বায়বীয়  লকডাউন  সড়ক  চিত্র  নিত্য  কর্মব্যস্ততা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: