প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:২০ পিএম আপডেট: ২৯.১১.২০২৬ ১২:২৪ পিএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ছবি : সংগৃহীত
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ছবি : সংগৃহীত আগামী ১৬ ডিসেম্বর একটি স্থলসীমান্ত চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সীমান্তের কয়েকটি প্রবেশপথ পর্যবেক্ষণও করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা। এমন দাবি করেছে ভারতের সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস।
সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ হিসেবে পেট্রাপোল-বেনাপোল সীমান্তকে বিবেচনা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় অবস্থিত পেট্রাপোল দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর। বাংলাদেশের বেনাপোলও দেশের বৃহত্তম স্থলবন্দর। দুই দেশের মধ্যে বাণিজ্য ও যাত্রী চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এটি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈধ পাসপোর্ট ছাড়া বিমানে ভ্রমণ করা সম্ভব নয়। এ কারণে শেখ হাসিনার দেশে ফেরার বিকল্প হিসেবে সড়কপথ ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ওই বছরের ২২ আগস্ট তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়। পরে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি বাতিল করা হয় তার জাতীয় পরিচয়পত্রও।
ভারতে অবস্থানকালে বিভিন্ন সময়ে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন শেখ হাসিনা। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়েছেন তিনি। তাকে দেশে ফিরিয়ে নিতে ফ্লাইটের ব্যবস্থা করার অনুরোধও জানিয়েছেন।
তবে, বাংলাদেশ সরকার বরাবরই বলে আসছে, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে প্রচলিত প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে, ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিই হবে ফেরত আনার ভিত্তি।
গত ২৬ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, অপরাধী হিসেবে শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব কেবল হাতকড়া পরা অবস্থায় অথবা কঠোর নজরদারির মধ্যে।
সময়ের আলো/এসকে