প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯:৩৮ এএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুঞ্জন নিয়ে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। এর মধ্যে তার সুস্থতার প্রমাণ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে একটি অডিও প্রচার করা হয়। তবে অডিওটি অন্তত এক বছর আগের বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট।
শুক্রবার (২৭ নভেম্বর) দ্য ডিসেন্টের একটি ফ্যাক্টচেক প্রতিবেদন নিজের ফেসবুক পেজে শেয়ার করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। সেখানে তিনি লেখেন, ‘যেহেতু ১ বছর আগের অডিও ব্যবহার করেছে, সেহেতু বুঝতে আর কারও কিছু বাকি থাকে? এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা ...’
দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পলাতক শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে নানা দাবি ছড়িয়েছে। তবে শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি প্রতিষ্ঠানটি। তাদের অনুসন্ধানে দেখা গেছে, তার সুস্থতার প্রমাণ হিসেবে আওয়ামী লীগের অফিশিয়াল পেজে প্রচার করা অডিওটি অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।
এদিকে, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান শেখ হাসিনা—সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে রয়টার্সকে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশি একটি উড়োজাহাজে ভারতে গিয়েছিলেন। তাই দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।
তবে বাংলাদেশ সরকার জানিয়েছে, শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের মাধ্যমেই দেশে ফেরানো সম্ভব। গত বছর বাংলাদেশের একটি আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। ছাত্রনেতৃত্বাধীন অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে তার অনুপস্থিতিতে এ রায় দেওয়া হয়।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রয়টার্সকে বলেন, ‘হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী, একজন পলাতক সন্ত্রাসী। তিনি কেবল প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরতে পারেন, হাতে হাতকড়া পরা অবস্থায় এবং কঠোর নজরদারির অধীনে।’
সময়ের আলো/এসএকে