ঈদের দিন জরুরি স্বাস্থ্যসেবায় কর্মরত চিকিৎসকদের ধন্যবাদ জ্ঞাপনপত্র হিসেবে লাঞ্চ বক্স প্রদান করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব।
শনিবার (২১ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের অন্তর্গত ২১টি সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটে এ কার্যক্রম পরিচালিত হয়। ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল যৌথভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রম উদ্বোধন করেন।
চিকিৎসক নেতারা ঈদ-উল ফিতরের ছুটির সময়ে দেশের সব সরকারি চিকিৎসা সেবা প্রদান প্রতিষ্ঠানে জরুরি স্বাস্থ্যসেবায় দায়িত্ব পালনরত চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
এই কার্যক্রমের অংশ হিসেবে ঈদের দিন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ড্যাব শাখার সভাপতি ডা. আজহারুল ইসলামের তত্ত্বাবধানে জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসকদের মাঝে ড্যাব কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক হিসেবে লাঞ্চ বক্স পৌঁছে দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ও ড্যাব সহ-সভাপতি ডা. পারভেজ রেজা কাকন, ড্যাবের যুগ্ম-মহাসচিব ও বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট শাখা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ফারুক আহমেদ। এই কার্যক্রমে অংশ নেন হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. এনায়েত হোসেন ও কেন্দ্রীয় ড্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শেবাচিম ড্যাবের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, কেন্দ্রীয় ড্যাবের সহ-প্রকাশনা সম্পাদক ডা. রাফসান জানী আবীর, শেবাচিম ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ড্যাবের আজীবন সদস্য ডা. হাসিবুর রহমান প্রমুখ।
সময়ের আলো/জেডআই