প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:১৯ এএম
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। ছবি : সংগৃহীত সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৪ নভেম্বর নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সাদেক হোসেন খোকা ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের অন্যতম প্রতিষ্ঠাতা। ঢাকা ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জ ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল তাঁর।
১৯৫২ সালের ১২ মে পুরান ঢাকার গোপীবাগে জন্মগ্রহণ করেন সাদেক হোসেন খোকা। মওলানা ভাসানীর অনুসারী বামপন্থি রাজনীতি দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হলেও আশির দশকে তিনি বিএনপিতে যোগ দেন। ঢাকা মহানগর বিএনপির সভাপতি ছাড়াও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন।
১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এ সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন এই গেরিলা মুক্তিযোদ্ধা।
২০১৪ সালের ১৪ মে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান সাদেক হোসেন খোকা। সেখানে অবস্থানকালে দেশে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা হয় এবং কয়েকটিতে সাজাও হয়। পরে নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় ২০১৯ সালের ৪ নভেম্বর তার মৃত্যু হয়।
সময়ের আলো/জেডি