নারী টি-টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়েছেন রুয়ান্ডার তরুণ ব্যাটার ফ্যানি উতাগুশিমানিন্দে। আন্তর্জাতিক অভিষেক ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি করে শুধু দলকে জয়ই এনে দেননি, গড়েছেন একাধিক বিশ্বরেকর্ড।
শুক্রবার (২০ মার্চ) ল্যাগোসে অনুষ্ঠিত নাইজেরিয়া ইনভিটেশনাল উইমেন্স টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঘানার বিপক্ষে ৬৫ বলে ১১১ রানের ঝড়ো ইনিংস খেলেন ফ্যানি। পুরো ইনিংসে ছিলেন অপরাজিত, তার ব্যাটিংয়ের কল্যাণে বড় সংগ্রহ পায় রুয়ান্ডা।
মাত্র ১৫ বছর ২২৩ দিন বয়সে সেঞ্চুরি করে নারী টি-টোয়েন্টির ইতিহাসে কনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন উতাগুশিমানিন্দে। এর আগে এই রেকর্ডটি ছিল উগান্ডার প্রোসকোভিয়া আলাকোর দখলে, যিনি ২০১৯ সালে ১৬ বছর ২৩৩ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন।
শুধু বয়সের দিক থেকেই নয়, অভিষেক ম্যাচে সেঞ্চুরি করার দিক থেকেও সবাইকে ছাড়িয়ে গেছেন ফ্যানি। এতদিন নারী টি-টোয়েন্টিতে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার কারেন রোল্টনের (৯৬ রান)। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেই ইনিংস খেলেছিলেন তিনি।
এমনকি পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটেও এত কম বয়সে সেঞ্চুরির নজির নেই। পুরুষদের মধ্যে কনিষ্ঠ সেঞ্চুরিয়ান ফ্রান্সের গুস্তাভ ম্যাককিওন, যিনি ১৮ বছর ২৮০ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন।
ফ্যানির বিধ্বংসী ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১০ রানের বিশাল স্কোর গড়ে রুয়ান্ডা। জবাবে ঘানা ২০ ওভারে মাত্র ৮৮ রান তুলতে পারে। ফলে ১২২ রানের বড় ব্যবধানে জয় পায় রুয়ান্ডা।
সময়ের আলো/আআ