সাফে ভুটানের বিপক্ষে বাংলাদেশের অধিনায়ক তপু বর্মণ

ক্রীড়া ডেস্ক

খেলা

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন জামাল ভূঁইয়া। তবে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে অধিনায়কের আর্মব্যান্ড দেখা যেতে পারে

2026-11-04T16:06:06+00:00
2026-11-04T16:06:06+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
খেলা
সাফে ভুটানের বিপক্ষে বাংলাদেশের অধিনায়ক তপু বর্মণ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৪:০৬ পিএম 
আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ থমাস ডুলির সঙ্গে হাজির তপু বর্মণ । ছবি : সংগৃহীত
দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন জামাল ভূঁইয়া। তবে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে অধিনায়কের আর্মব্যান্ড দেখা যেতে পারে তপু বর্মণের হাতে। বুধবার টুর্নামেন্টের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ থমাস ডুলির সঙ্গে হাজির হন তপু। তাকে অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেন সাফের মিডিয়া ম্যানেজার জিগমে দর্জি। পরে নিশ্চিত হওয়া গেছে, বৃহস্পতিবার ভুটানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তপুই। 

প্রায় এক দশক ধরে জামাল ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের অধিনায়ক। তবে তার ইনজুরি কিংবা অনুপস্থিতিতে বিভিন্ন সময়ে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন সোহেল রানা ও তপু বর্মণ। এবার সাফে পুরো টুর্নামেন্টে তপুই অধিনায়ক থাকবেন কি না, তা নিয়ে অবশ্য স্পষ্ট করে কিছু বলেননি কোচ ডুলি।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে ডুলি বলেন, ‘আমাদের দলে অধিনায়ক হওয়ার মতো তিনজন খেলোয়াড় রয়েছেন। তপু আগেও অধিনায়কত্ব করেছে। সে অধিনায়ক হতেই পারে।’

পরে দলের মিডিয়া ম্যানেজার আমের খান নিশ্চিত করেন, ভুটানের বিপক্ষে ম্যাচে তপুই অধিনায়কের দায়িত্ব পালন করবেন। পরবর্তী ম্যাচগুলোতেও অধিনায়ক পরিবর্তন হতে পারে কি না, সে বিষয়ে অবশ্য কিছু জানাননি তিনি। ডুলির ভাষ্য, ফুটবলে অধিনায়কত্ব নিয়ে অতটা আলোচনার প্রয়োজন নেই। এক ম্যাচে একজন, পরের ম্যাচে অন্য কেউ অধিনায়ক হতে পারেন।

২০১৮ সালের পর আবার ঢাকায় সাফ খেলতে নামছে বাংলাদেশ। এমন টুর্নামেন্টে নেতৃত্বের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তপু। তিনি বলেন, ‘২০১৮ সালের পর আবার আমরা ঢাকায় সাফ খেলার সুযোগ পাচ্ছি। নিজের সেরাটা দেওয়ার পাশাপাশি দলকে উজ্জীবিত করব।’

২০০৩ সালে একবারই সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর আবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে দল। এবার সেই লক্ষ্য পূরণে আশাবাদী তপু। তার মতে, বাংলাদেশের এবার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে চান তারা।


এদিকে বাংলাদেশের অন্যতম ভরসা হামজা চৌধুরী প্রথম ম্যাচে খেলতে পারছেন না। ফিফা উইন্ডোর পর সাফ শুরু হওয়ায় ভুটান ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতে পারবেন না তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে ঢাকায় পৌঁছানোর কথা তার।

হামজার অনুপস্থিতি নিয়ে তপু বলেন, ‘আমরা অবশ্যই কাল হামজাকে মিস করব। ভুটানের বিপক্ষে ভালো শুরু করে আমরা হামজার জন্য সুন্দর একটা ক্ষেত্র তৈরি করতে চাই। যেন সে আসার পর দলকে আরও সামনে এগিয়ে নিতে পারে।’

সাম্প্রতিক আসিয়ান কাপে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সও আলোচনায় এসেছে সংবাদ সম্মেলনে। বিশেষ করে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯ গোল হজমের পর সাফে ঘুরে দাঁড়ানো কতটা চ্যালেঞ্জিং, এমন প্রশ্নের জবাবে কোচ ডুলি বলেন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে এমন ফলাফল হতে পারে। কারণ, দল দুটি মানের দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। তবে সাফে ভালো করার বাস্তবসম্মত সুযোগ রয়েছে বাংলাদেশের। তার মতে, আসিয়ান কাপের ফলাফলের সঙ্গে সাফের সম্ভাবনাকে এক করে দেখা ঠিক হবে না।

সান মারিনোর বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ দলের কোচ হিসেবে অভিষেক হয়েছিল ডুলির। এরপর সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে আসিয়ান কাপে খেলেছে বাংলাদেশ। এবার সাফে ঢাকার মাঠে প্রথমবারের মতো দলকে কোচিং করাবেন তিনি। আসিয়ান কাপের ব্যর্থতার পর ঘরের মাঠে সাফে বাংলাদেশের কাছে প্রত্যাশাও অনেক বেশি। প্রত্যাশা পূরণ করতে না পারলে কোচের ওপর চাপ বাড়বে কি না, এমন প্রশ্নে ডুলি বলেন, ‘ফুটবল বিশ্বে চাপ থাকবেই।’

সময়ের আলো/এসকে
  বিষয়:   সাফে  ভুটান  বিপক্ষে  বাংলাদেশ  অধিনায়ক  তপু বর্মণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: