প্রমাণের অপেক্ষায় অমিত

ক্রীড়া প্রতিবেদক

খেলা

জাতীয় দলে ফেরার অপেক্ষায় তরুণ ব্যাটার অমিত হাসান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আবারও জাতীয় দলের দরজা খুলেছে তার

2026-11-04T03:24:04+00:00
2026-11-04T03:24:04+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
খেলা
প্রমাণের অপেক্ষায় অমিত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:২৪ এএম 
জাতীয় দলে ফেরার অপেক্ষায় তরুণ ব্যাটার অমিত হাসান। ছবি : সংগৃহীত
জাতীয় দলে ফেরার অপেক্ষায় তরুণ ব্যাটার অমিত হাসান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আবারও জাতীয় দলের দরজা খুলেছে তার সামনে। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) একাধিক বড় ইনিংস খেলে নির্বাচকদের নজর কেড়েছেন এই ব্যাটার। দুই বছরের মধ্যে দুটি ডাবল সেঞ্চুরি করেছেন। সর্বশেষ আসরেও খেলেছেন দ্বিশতকের ইনিংস। এবার জাতীয় দলে সুযোগ পেলে ঘরোয়া ক্রিকেটে যেভাবে খেলে আসছেন, সেভাবেই খেলতে চান তিনি।

চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল অমিতের। সেই ম্যাচে ব্যাটিং করেছিলেন সাত নম্বরে। এবার মুমিনুল হকের কনকাশনজনিত অনুপস্থিতিতে দলে ডাক পেয়েছেন তিনি। ফলে সুযোগ পেলে ব্যাটিং অর্ডারের ওপরের দিকে খেলার সম্ভাবনাও রয়েছে তার। তবে ব্যাটিং পজিশন নিয়ে বাড়তি কোনো ভাবনা নেই অমিতের। দলের পরিকল্পনা অনুযায়ী খেলতেই প্রস্তুত তিনি।

জাতীয় দলে ফেরার পর নিজের প্রস্তুতি নিয়ে অমিত বলেন, ‘আমার কাছে মনে হয় বাড়তি কোনো চাপ নেই। আমি যেভাবে ঘরোয়া ক্রিকেট খেলে আসছি, চেষ্টা করব সেভাবেই খেলতে।’ খেলার সুযোগ পেলে ভালো করার প্রত্যয়ও জানিয়েছেন তিনি। এনসিএলে বড় রান করার পেছনে নিজের ব্যাটিংয়ের প্রক্রিয়াকেই গুরুত্ব দিচ্ছেন এই ব্যাটার। তার ভাষায়, ‘একজন ব্যাটসম্যান হিসেবে প্রত্যেকেই রান করতে চায়। আমার প্রক্রিয়াটাও একই ছিল, যার কারণে হয়তো রানে আছি।’

জাতীয় দলে প্রথমবার খেলার অভিজ্ঞতা থাকায় এবার আগের মতো স্নায়ুচাপ থাকবে না বলেই আশা অমিতের। তবে ব্যাটিং পজিশন নিয়ে নিজের পছন্দকে বড় করে দেখছেন না তিনি। বলেন, ‘টিম ম্যানেজমেন্ট আমাকে যেভাবে চিন্তা করবে, আমার কাছে মনে হয় সেভাবেই খেলাটা উচিত।’ 

এদিকে সিলেটের মাঠে ঘরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকলেও আন্তর্জাতিক ম্যাচের উইকেট নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি অমিত। তার মতে, ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচের উইকেটের আচরণে পার্থক্য থাকতে পারে। এনসিএলের সর্বশেষ দুই ম্যাচে এই মাঠের উইকেট একরকম থাকলেও এবার ভিন্ন চিত্র দেখছেন তিনি। আপাতত উইকেটে ঘাস রয়েছে। আরও এক-দুই দিন পর উইকেটের প্রকৃত আচরণ বোঝা যাবে বলে মনে করেন এই ব্যাটার।

জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকেও নিয়মিত পরামর্শ নেওয়ার চেষ্টা করেন অমিত। কীভাবে নিজের খেলার উন্নতি করা যায় এবং প্রস্তুতি আরও ভালো করা যায়, সে বিষয়ে তাদের সঙ্গে কথা বলেন। বিশেষ করে অভিজ্ঞ ক্রিকেটারদের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। নিজের আদর্শ ক্রিকেটার মুশফিকুর রহিমের মতো সিনিয়রদের কাছ থেকেও শেখার চেষ্টা করছেন। 

অমিত বলেন, নরমালি সিনিয়র সবার সঙ্গেই মোটামুটি কথাবার্তা হয়। কীভাবে আমার গেমটাকে আরও ইমপ্রুভ করতে পারি, কীভাবে প্রিপারেশন নিতে পারি। ওভারঅল যদি চিন্তা করি, সবসময় চেষ্টা করি সিনিয়র যারা আছেন তাদের কাছ থেকে এক্সপেরিয়েন্সটা নেওয়ার।’

জাতীয় দলের জার্সিতে দীর্ঘদিন খেলার স্বপ্ন দেখেন অমিত। তবে আপাতত তার ভাবনায় সুযোগ কাজে লাগানো এবং নিজের সামর্থ্যরে প্রমাণ দেওয়া। দেশের হয়ে কত দিন খেলতে চান, এমন প্রশ্নে তার সংক্ষিপ্ত উত্তর, ‘ইনশাআল্লাহ, যত বছর ফিট থাকব।’ আগামী ৫ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে মিরপুরে প্রথম টেস্টে ৮ উইকেটে হেরেছে নাজমুল শান্তরা।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   প্রমাণ  অপেক্ষা  অমিত 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: