প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ২:৩৭ এএম
ছবি : সংগৃহীতজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের তৃতীয় দিন শেষে জয়ের সম্ভাবনা জোরাল হয়েছে চট্টগ্রাম ও খুলনার। অন্যদিকে রাজশাহীও এগিয়ে রয়েছে জয়ের পথে। চার ম্যাচের মধ্যে বৃষ্টির কারণে রাজশাহীতে প্রথম দুই দিন খেলা না হলেও তৃতীয় দিনে মাঠে গড়িয়েছে বল।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ইনিংসে ফলোঅনে পড়েছিল ময়মনসিংহ। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে দলটি। তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ৩১৫ রান তুলে ১৩৫ রানের লিড নিয়েছে তারা। সেঞ্চুরি করেছেন মো. আল আমিন জুনিয়র। ১০২ রানের ইনিংস খেলেছেন তিনি। উইকেটকিপার আব্দুল মজিদ করেছেন ৫৯ রান, মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে এসেছে ৩৭। খুলনার হয়ে শেখ পারভেজ জীবন নিয়েছেন ৪ উইকেট, সৌম্য সরকারের শিকার ৩টি।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে স্বাগতিকরা। ২১৮ রানে সিলেটের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যাওয়ার পর জয়ের জন্য চট্টগ্রামের লক্ষ্য দাঁড়ায় ১০১ রান। দিন শেষে ১ উইকেট হারিয়ে ১২৬ রান করেছে তারা। অর্থাৎ শেষদিন তাদের জয়ের জন্য প্রয়োজন ১০১ রান, হাতে আছে ৯ ইউকেট। ফিফটি করে অপরাজিত আছেন সাদিকুর রহমান ও শাহ পরান সোহেল। এর আগে প্রথম ইনিংসে ৮ রানের লিড পেয়েছিল সিলেট। চট্টগ্রামের হয়ে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছেন হাসান মুরাদ।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে প্রথম দুই দিন বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে খেলা হয়নি। তৃতীয় দিনে মাঠে নেমে ঢাকার বিপক্ষে ৮ উইকেটে ২৬৬ রান করেছে বরিশাল। দলের হয়ে আব্দুল্লাহ ৬২ রানে অপরাজিত আছেন। ঢাকার আমিনুল ইসলাম বিপ্লব নিয়েছেন ৩ উইকেট, তৌফিক আহমেদের শিকার ২টি।
বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে ৮৫ রানের লিড নিয়ে দিন শেষ করেছে রাজশাহী। নিজেদের প্রথম ইনিংসে ২৩১ রান করা রাজশাহীর বিপক্ষে রংপুর থেমেছিল ২৫৬ রানে। রংপুরের হয়ে অনিক সরকার ৭৫ ও ইকবাল হোসেন ৭০ রান করেন। রাজশাহীর আসাদুজ্জামান পায়েল নিয়েছেন ৫ উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ১১০ রান করেছে রাজশাহী। অধিনায়ক প্রীতম কুমার ৪১ রানে অপরাজিত আছেন।
সময়ের আলো/এসএকে