মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রবি আয়োজিত প্রতিভা অন্বেষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল । ছবি : সংগৃহীত দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করে তাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প নিয়ে কাজ করছে বোর্ড। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবি আয়োজিত প্রতিভা অন্বেষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান তিনি। দেশের বিভিন্ন বিভাগ ও শহর থেকে ভবিষ্যতের নাহিদ রানা, মারুফ মৃধা ও তাসকিন আহমেদদের খুঁজে বের করার এ উদ্যোগে যুক্ত ব্যক্তিদের ধন্যবাদ জানান বিসিবি সভাপতি। বিশেষভাবে প্রশংসা করেন কার্যক্রমে অংশ নেওয়া কোচদের।
প্রতিভা অন্বেষণে চূড়ান্তভাবে নির্বাচিত ২০-২১ জনের তালিকায় জায়গা না পাওয়া ক্রিকেটারদেরও হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন তামিম। স্বপ্ন ধরে রেখে অনুশীলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজকে হয়তো আপনারা এই ২০-২১ জনের মধ্যে একজন হতে পারেননি। কিন্তু কখনোই স্বপ্ন দেখা বন্ধ করবেন না। আগামী এক-দুই বছর পর আবারও এই আয়োজন হতে পারে, তখন আপনারা নির্বাচিত হতে পারেন। আবার এই ট্যালেন্ট হান্টের বাইরেও ভালো ক্রিকেটার হওয়ার অনেক সুযোগ রয়েছে।’
দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান ক্রিকেটারদের উন্নয়নে বিসিবির পরিকল্পনা তুলে ধরে তামিম বলেন, ‘আমি এখনও পুরোপুরি প্রস্তুত নই, তবে এমন একটি ঘোষণা দেওয়ার খুব কাছাকাছি আছি, যেটি দেশের অনেক ক্রিকেটারের জন্য কাজে আসবে। বিসিবি ও আমি একটি প্রকল্প নিয়ে কাজ করছি। আশা করছি, কয়েক সপ্তাহের মধ্যে সেটি ঘোষণা করতে পারব। এর মাধ্যমে বিভিন্ন জায়গায় থাকা ক্রিকেটারদের আরও ভালোভাবে গড়ে তোলা সম্ভব হবে।’
এদিকে প্রতিভা অন্বেষণ কার্যক্রম থেকে নির্বাচিত ক্রিকেটারদের পরিচর্যার দায়িত্ব নেবে বিসিবি। তাদের হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের অধীনে রেখে প্রশিক্ষণ, চিকিৎসাসেবা ও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তামিম বলেন, ‘তাদের সঠিকভাবে গড়ে তোলার জন্য সবকিছুই গুরুত্বপূর্ণ। আমাদের বিশেষজ্ঞ, মেডিকেল দল কিংবা অন্য যেকোনো ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত করব, তারা যেন যথাযথ পরিচর্যা পায়। আশা করি, পারফরম্যান্স দেখানোর জন্য তাদের একটি প্ল্যাটফর্মও দিতে পারব।’
তরুণ ক্রিকেটারদের দ্রুত প্রতিযোগিতামূলক ক্রিকেটে যুক্ত করার ওপরও জোর দিয়েছেন বিসিবি সভাপতি। এ ক্ষেত্রে বিসিবি ট্রফিকে প্রতিভা বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন তিনি।
তামিম বলেন, ‘একমি টিমকে ধন্যবাদ জানাতে চাই, তারা এখান থেকে একজনকে বেছে নিয়েছে। বিসিবি ট্রফি শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি উন্নয়নেরও অংশ। অন্য দলগুলোকেও উৎসাহিত করব, এমন প্রতিভাদের দ্রুত নিজেদের অধীনে নিয়ে তাদের গড়ে তুলতে এবং খেলার সুযোগ দিতে। তাহলে তারা আরও দ্রুত এগিয়ে যাবে।’
সময়ের আলো/এসকে