প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:১৪ পিএম
ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচ । ছবি : সংগৃহীতফখর জামানের দুর্দান্ত সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান। কিন্তু ফাইনালে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করার কারণে (স্লো ওভার রেট) তাদের জরিমানা করেছে আইসিসি।
এ ঘটনায় ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাদের। সময়সীমা নির্ধারণের ক্ষেত্রে অতিরিক্ত সময়ের ছাড় বিবেচনায় নেওয়ার পরও পাকিস্তান এক ওভার পিছিয়ে ছিল।
আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।
অন্যদিকে, পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি অভিযোগ ও শাস্তি দুটোই মেনে নিয়েছেন।
ত্রিদেশীয় সিরিজে রাউন্ড-রবিন ম্যাচে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে স্বাগতিক পাকিস্তান। শিরোপা নির্ধারণী ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩২৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় শাহিন আফ্রিদির দল।
অথচ এর আগের ম্যাচেই এই মাঠে পাকিস্তানকে মাত্র ১১০ রানে অলআউট করেছিল শ্রীলঙ্কা। ফাইনালে ১১ চার ও ৬টি ছক্কায় ফখর জামানের ৯৯ বলে ১২৭ রানের ইনিংসে ৩ উইকেটের জয় পায় পাকিস্তান।
ওয়ানডে ফাইনাল তো বটেই, যেকোনো ওয়ানডে নকআউট ম্যাচেই এটি যৌথভাবে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
সময়ের আলো/এসকে