চীনকে রুখে দিলো আশরাফুল-শিতুলরা

ক্রীড়া প্রতিবেদক

খেলা

এক মাসের ব্যবধানে দলে কি দারুণ পরিবর্তন! অক্টোবরে এশিয়ান গেমসে চীনের বিপক্ষে যে দল ৭-১ গোলের লজ্জার হার দেখেছিল, সেই

2026-11-03T01:18:09+00:00
2026-11-03T02:02:07+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
খেলা
মেনস এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি
চীনকে রুখে দিলো আশরাফুল-শিতুলরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১:১৮ এএম  আপডেট: ০৩.১১.২০২৬ ২:০২ এএম
ছবি : সংগৃহীত
এক মাসের ব্যবধানে দলে কি দারুণ পরিবর্তন! অক্টোবরে এশিয়ান গেমসে চীনের বিপক্ষে যে দল ৭-১ গোলের লজ্জার হার দেখেছিল, সেই দলই কাল মেনস এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে চীনকে রুখে দিল। চার কোয়ার্টারের দুর্দান্ত লড়াইটা ১-১ গোলের ড্রয়ে শেষ করল আশরাফুল ইসলামের দল। এই ড্রয়ে অবশ্য পয়েন্ট টেবিলে কোনো প্রভাব পড়েনি। ছয় দলের টুর্নামেন্টে ছয় নম্বরে থেকে শেষ করেছে লাল-সবুজের দল। ভারতের জলান্দরে হচ্ছে এবারের আসর।

স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়। পরের ম্যাচে জাপানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা চালায় জিমি-আশরাফুল-শিতুলরা। তৃতীয় কোয়ার্টারে গিয়ে এক গোল হজম করে বাংলাদেশ। শেষ পর্যন্ত জাপানের কাছে ১-০-তে পরাজিত হয়।

এরপর টুর্নামেন্টে তৃতীয় ও চতুর্থ ম্যাচে যথাক্রমে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ৬-১ গোলে এবং কোরিয়ার বিপক্ষে ৫-০-তে পরাজিত হয় লাল-সবুজরা। এমন পারফরম্যান্সের পর সবার ধারণা ছিল চীনের বিপক্ষেও হারতে চলেছে দল। কিন্তু ধারণা ভুল প্রমাণ করে উল্টো ১ পয়েন্ট নিয়ে বাড়ি ফিরছে বাংলাদেশ।

গতকাল চীনের বিপক্ষে শুরু থেকে সাবধান ছিল বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে দুদলই গোলের প্রচেষ্টা অব্যাহত রাখে। আক্রমণ-পাল্টা আক্রমণ চলে সমানতালে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল আদায় করে নেয় চীন। ১-০-তে এগিয়ে থেকে দ্বিতীয় কোয়ার্টারে নামে দলটি। তবে দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশের কাছ থেকে কোনো গোল আদায় করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারে কপাল খুলে বাংলাদেশের। চীনের কাছ থেকে পেনাল্টি স্ট্রোক আদায় করে নেয়। পরে সেটি গোলে রূপ দেন বাংলাদেশের অধিনায়ক আশরাফুল ইসলাম। ১-১ গোলে সমতায় ফেরে দুদল।


ম্যাচের চতুর্থ এবং শেষ কোয়ার্টারে দুদলই এগিয়ে যাওয়ার চেষ্টা চালায়। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোল আদায়ে ব্যর্থ হয় এবং ১-১ গোলের ড্রয়ে সন্তুষ্ট থেকে মাঠ ছাড়ে তারা। ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক আশরাফুল বলেন, ‘আজ (গতকাল) দলের সবাই ভালো খেলেছে এবং দল হিসেবে আমরা দিন দিন উন্নতি করছি। এশিয়ান গেমসেও প্রতিটি দলের বিরুদ্ধে ভালো লড়াই করেছি কেবল ভারতের বিপক্ষে ছাড়া। মানুষের কেবল স্কোর দেখা উচিত নয়, বরং তাদের ভেতরের খেলাটা এবং উন্নতির ধারা দেখা উচিত। হকিতে তিন মিনিটে দুই গোল হওয়া খুবই স্বাভাবিক। কোচের পরিকল্পনা অনুযায়ী ডিসিপ্লিন বজায় রেখে আমরা ফলাফল করার চেষ্টা করেছি।

আশরাফুল আরও যোগ করেন, বড় ও শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে হাই-ইনটেনসিটির প্র্যাকটিস ম্যাচের অভাব রয়েছে। বড় দলগুলোর সঙ্গে মানিয়ে নিয়ে খেলার সুযোগ কম পাওয়া যায়, কারণ সাধারণত প্রতি ২-৩ বছর পর পর বড় টুর্নামেন্টগুলোতে আমরা মুখোমুখি হই। আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে যদি নিয়মিত এমন হাই-ইনটেনসিটি ম্যাচ খেলা যায়, তবে বাংলাদেশের হকি দলের উন্নতি এবং বিশ^কাপে খেলা নিশ্চিতভাবে সম্ভব হবে।’  

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   চীন  আশরাফুল  শিতুল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: