আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

ক্রীড়া ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়ার জার্সিতে আর দেখা যাবে না গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী ব্যাটিং। প্রায় ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী

2026-11-03T04:33:46+00:00
2026-11-03T04:33:46+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
খেলা
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৪:৩৩ এএম 
গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার জার্সিতে আর দেখা যাবে না গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী ব্যাটিং। প্রায় ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডার। গত বছর ওয়ানডে থেকে অবসরের পর এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিকেও বিদায় জানালেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ম্যাক্সওয়েল।

সোমবার (২ নভেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। সেই দলে জায়গা পাননি ম্যাক্সওয়েল। এরপর ক্রিকেটবিষয়ক পডকাস্ট ‘দ্য ফাইনাল ওয়ার্ড’-এ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।

অবশ্য অবসরের সিদ্ধান্ত হঠাৎ নেননি এই অলরাউন্ডার। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছিলেন। তখনই তাকে জানানো হয়, দলের পরিকল্পনায় তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তবে অবসরের জন্য তার ওপর কোনো চাপ ছিল না বলে জানিয়েছেন ম্যাক্সওয়েল। দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও নিজের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গত ফেব্রুয়ারিতে ওমানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে শেষবার মাঠে নামেন ম্যাক্সওয়েল। সেই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বল হাতে ৩ ওভারে ১৩ রান দিয়ে নেন ২ উইকেট। অস্ট্রেলিয়া ম্যাচটি জিতেছিল ৯ উইকেটে।

আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি ঘরের মাঠে খেলার ইচ্ছা ছিল তার। আগামী ২১ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। নিজের শহরের এই মাঠেই জাতীয় দলের হয়ে শেষবার নামতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল। তবে নির্বাচকদের ভবিষ্যৎ পরিকল্পনাও বুঝতে পারছেন তিনি।

ম্যাক্সওয়েলের মতে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আগামী এক থেকে দুই বছরে অস্ট্রেলিয়ার দলে বড় পরিবর্তন আসতে পারে। এ কারণে তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ের চাপ সামলানোর অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া জরুরি।

২০১২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ম্যাক্সওয়েলের। পরের মাসেই খেলেন প্রথম টি-টোয়েন্টি। ২০১৩ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। অস্ট্রেলিয়ার হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২৮৬ ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে করেছেন ৭ হাজার ২২৬ রান, অফ স্পিনে নিয়েছেন ১৩৬ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরি ১০টি।

ওয়ানডেতে ১৪৯ ম্যাচে ৩ হাজার ৯৯০ রান করেছেন ম্যাক্সওয়েল। এ সংস্করণে তার স্ট্রাইক রেট ১২৬.৭১। চারটি সেঞ্চুরির পাশাপাশি নিয়েছেন ৭৭ উইকেট। আর ১৩০ টি-টোয়েন্টিতে ২ হাজার ৮৯৭ রান করেছেন তিনি। এ সংস্করণে তার স্ট্রাইক রেট ১৫৪.৪২ এবং সেঞ্চুরি পাঁচটি। ভারতের রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড নিয়ে বিদায় নিচ্ছেন ম্যাক্সওয়েল।

টেস্টে অবশ্য খুব বেশি ম্যাচ খেলা হয়নি তার। সাত টেস্টে ৩৩৯ রান করেছেন। ভারতের বিপক্ষে ২০১৭ সালে রাঁচিতে করেছিলেন একমাত্র টেস্ট সেঞ্চুরি।

ম্যাক্সওয়েলের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ২০১ রানের ইনিংস। মুম্বাইয়ে ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯১ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। এমন পরিস্থিতিতে পেশির টানে ঠিকমতো দৌড়াতে না পারলেও ব্যাটিং চালিয়ে যান ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত ১২৮ বলে অপরাজিত ২০১ রান করে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন তিনি। ইনিংসটি ওয়ানডে ইতিহাসের অন্যতম স্মরণীয় পারফরম্যান্স হিসেবে বিবেচিত।

একই বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন ম্যাক্সওয়েল। সেটিই ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতকের রেকর্ড।

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ২০১৫ ও ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেন এই অলরাউন্ডার।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পাশাপাশি প্রথম শ্রেণি ও ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেট থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ম্যাক্সওয়েল। ভিক্টোরিয়ার সতীর্থদের এ সিদ্ধান্ত জানানোর সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। তবে ক্রিকেট থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছেন না। বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলা চালিয়ে যাবেন। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা কমিয়ে এখন নিজের শারীরিক প্রস্তুতির দিকে আরও বেশি মনোযোগ দিতে চান ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   আন্তর্জাতিক ক্রিকেট  বিদায়  গ্লেন ম্যাক্সওয়েল 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: