নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না হলে সরাসরি যুদ্ধে অংশ নেবে ইয়েমেনের হুথি যোদ্ধারা।
শুক্রবার (২৭ মার্চ) সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, তাদের যোদ্ধারা ‘ট্রিগারে আঙুল’ রেখে সব সময় প্রস্তুত রয়েছে। তবে তারা সরাসরি হস্তক্ষেপ করবে কেবল নির্দিষ্ট পরিস্থিতিতে। একই সঙ্গে হুথি মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্ক করে বলেন, আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টায় ইরান, লেবাননসহ ‘প্রতিরোধ জোটের দেশগুলোর’ সঙ্গে যুদ্ধ বন্ধে সাড়া দিতে হবে।
সারি বলেন, বর্তমান আগ্রাসন অন্যায় এবং অযৌক্তিক। এটি শুধু আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে না, বিশ্ব অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করছে।
হুথিদের শর্তের মধ্যে রয়েছে, ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইরানে আগ্রাসন বন্ধ করা এবং ইয়েমেনের ওপর থেকে অবরোধ তুলে নেওয়া। এছাড়া গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা, মানবিক সাহায্য নিশ্চিত করা এবং ফিলিস্তিনিদের বৈধ অধিকার রক্ষা করা।
মুখপাত্র আরও বলেন, হুথিরা সরাসরি হস্তক্ষেপ করবে যদি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে নতুন কোনো দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হয়, ইরান বা অন্য কোনো মুসলিম দেশকে লক্ষ্য করে লোহিত সাগর ব্যবহার করা হয়, বা যুদ্ধের তীব্রতা বাড়ে।
তিনি সতর্ক করে আরও বলেন, ইয়েমেনের ওপর অবরোধ জোরদার করার যেকোনো অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে তারা শক্তভাবে প্রতিক্রিয়া দেখাবে।