দিল্লি সফরে প্রাধান্য পাবে আস্থার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা

এমএকে জিলানী

জাতীয়

জাতীয় সংসদ নির্বাচনের পর ঢাকা-দিল্লি সম্পর্ক আগের তুলনায় অনেকটা বেড়েছে। দীর্ঘ ৯ মাস পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে সাক্ষাৎ

2026-04-01T01:05:00+00:00
2026-04-01T01:05:00+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
দিল্লি সফরে প্রাধান্য পাবে আস্থার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা
এমএকে জিলানী
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১:০৫ এএম 
সংগৃহীত ছবি
জাতীয় সংসদ নির্বাচনের পর ঢাকা-দিল্লি সম্পর্ক আগের তুলনায় অনেকটা বেড়েছে। দীর্ঘ ৯ মাস পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে সাক্ষাৎ দিয়েছেন। যার ধারাবাহিকতায় আগামী ৭-৮ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফর করবেন। 

এই সফরে দুই দেশের মধ্যে আস্থার সম্পর্ক (গত ২০২৪ সালের ৫ আগস্টের পর দুই পক্ষের সম্পর্ক তলানিতে ঠেকে) পুনরায় প্রতিষ্ঠা গুরুত্ব পাবে।

দিল্লির একটি কূটনৈতিক সূত্র জানায়, গত ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের পটপরিবর্তনের পর ভারত সরকার একাধিক মাধ্যমে, একাধিক বার্তায় স্পষ্ট বার্তা দিয়ে জানায় যে বাংলাদেশের ভোটে নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করবে ভারত। 

গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচনের পর ভারতের বার্তা আরও স্পষ্ট হয়েছে। বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের স্পিকার এবং পররাষ্ট্র সচিব অংশ নিয়েছে। ঢাকায় ভারতের হাইকমিশনার নতুন সরকারের সব মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও দিল্লিতে বাংলাদেশের হাইকমিশারকে সাক্ষাৎ দিয়েছেন। সামনের এপ্রিলে দিল্লিতে দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের মধ্য দিয়েই দুই দেশের মধ্যে আগামী দিনের পথচলার পরিকল্পনা রচিত হবে।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানায়, আগামী ৭ এপ্রিল দিল্লি সফরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পরদিন ৮ এপ্রিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। 

এ ছাড়া এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদ্বীপ সিং পুরির সঙ্গেও পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের বিষয়ে ঢাকা-দিল্লির কূটনীতিকরা কাজ করছেন। 

এই সফরে দুই দেশের মধ্যে আস্থার সম্পর্ক ফেরাতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। 

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এই সফরে ভারতের কাছে জাতিসংঘের ভোট ইস্যুতে সমর্থন চাওয়ার বিষয়টি অগ্রাধিকার হিসেবে গুরুত্ব পাবে। চলমান বৈশ্বিক সংকটে জ্বালানি ইস্যুও এই সফরে গুরুত্ব পাবে। এ ছাড়া আসন্ন সফরে দুপক্ষের আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা, নিরাপত্তা, সীমান্ত হত্যা, ভিসাসংক্রান্ত সমস্যা, জ্বালানি, বিদ্যুৎ, সার্ককে (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) পুনরুজ্জীবিত করা, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু গুরুত্ব পাবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মঙ্গলবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ওরা ভিসা স্বাভাবিকীকরণ করবে। আমি মনে করি দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, জনগণ থেকে জনগণের সম্পর্ক, এমনকি মেডিকেল ভিসা স্বাভাবিক করার জন্য ভিসা সহজীকরণ মানে আগের জায়গায় ফিরে যাওয়া উচিত। তারা নিশ্চয়ই এটা করবে, আমাদের তারা বলেছেও। আমি বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার এখন বাংলাদেশে ক্ষমতায় এসেছে। নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারাই বলেছে, নতুন করে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে তারা  সম্পর্ক রাখতে চায়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক বার্তায় জানান, বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। যেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয় প্রাধান্য পেয়েছে।

ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা এক বার্তায় বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কটি জনগণের সঙ্গে জনগণের বন্ধনের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত থাকতে ভারত প্রস্তুত রয়েছে।

ঢাকায় অবস্থিত ভারতের হাইকমিশন জানিয়েছে, হাইকমিশনার প্রণয় ভার্মা গত ২১ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেন। 

হাইকমিশনার প্রণয় ভার্মা গত মার্চ ১১ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এই দুই দেশের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে মতবিনিময় করেন। 

এই সময়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতও উপস্থিত ছিলেন। ভারতের হাইকমিশনার গত ২৪ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রণালয়ের অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দের সঙ্গে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতও উপস্থিত ছিলেন। 

হাইকমিশনার গত ১৬ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর (অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। হাইকমিশনার গত ৯ মার্চ সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। হাইকমিশনার গত ৮ মার্চ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। হাইকমিশনার প্রণয় ভার্মা গত ৩ মার্চ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক মন্ত্রী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

হাইকমিশনার গত ২ মার্চ বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময়ে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমও উপস্থিত ছিলেন। হাইকমিশনার ১ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। 

হাইকমিশনার গত ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন। এসব সাক্ষাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া এবং শক্তিশালী করার বিষয় প্রাধান্য পেয়েছে।

ভারতের হাইকমিশন আরও জানিয়েছে, ভারত-বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক হলো আন্তঃসীমান্ত বিদ্যুৎ ও জ্বালানি সংযুক্তি। এরই মধ্যে জ্বালানি ইস্যুতে ঢাকার পক্ষ থেকে বাড়তি সহযোগিতার প্রস্তাবে সম্মতি দিয়েছে দিল্লি। জ্বালানিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তারা এই দুই দেশের মাঝে পরিবহন, জ্বালানি ও ডিজিটাল সংযুক্তি সুদৃঢ় করার উপায়সহ ভারত-বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক কল্যাণের ওপর ভিত্তি করে এই দুই দেশের সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়নমূলক অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জনগণকেন্দ্রিক নানা খাতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন। 

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জনস্বাস্থ্য খাতে ভারত-বাংলাদেশ সহযোগিতা সুদৃঢ়করণ, চিকিৎসাবিষয়ক গবেষণা ও উন্নত চিকিৎসা সেবার ক্ষেত্রে বিনিময়, ক্যানসার চিকিৎসা, ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি এবং উভয় দেশের জনগণের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে সক্ষম, এমন অন্যান্য জনগণকেন্দ্রিক উদ্যোগগুলো নিয়ে আলোচনা করেন। তারা এই দুই দেশের অভিন্ন অগ্রাধিকারগুলোর ওপর ভিত্তি করে এবং পারস্পরিক কল্যাণ ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে পরিচালিত হয়ে সক্ষমতা বৃদ্ধি, ফার্মাসিউটিক্যাল শিল্প খাতে সংযোগ, চিকিৎসা শিক্ষা এবং ডিজিটাল ও এআইনির্ভর স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতার প্রস্তাবগুলো নিয়েও আলোচনা করেন। 

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সাংস্কৃতিক সংযোগ এবং সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য সাংস্কৃতিক সম্পৃক্ততাকে সুদৃঢ় করার গুরুত্ব বিশেষভাবে প্রাধান্য পায়। 

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হাইকমিশনার ভারত-বাংলাদেশ আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতা দৃঢ় করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করেন। তাদের আলোচনায় আর্থিক খাত, ডিজিটাল অর্থনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান ক্ষেত্রগুলোতে সহযোগিতার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধিকরণ ও এই দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার উদ্দেশ্যে সহজে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা কার্যের উন্নয়ন সাধন করার মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব লাভ করে। 

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সাক্ষতের আলোচনায় উভয় দেশের অভিন্ন অগ্রাধিকার হিসেবে স্থানীয় সরকার কাঠামো ও পল্লী উন্নয়ন জোরদার করার লক্ষ্যে সহযোগিতা বৃদ্ধিকরণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। তারা গ্রামীণ অর্থনীতি, কৃষি সমবায় ও তৃণমূল পর্যায়ে আর্থিক ক্ষমতায়নের মতো ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সম্পৃক্ততাকে শক্তিশালী করার বিষয়েও একমত পোষণ করেন।

সিলেটে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনারের কার্যালয় জানিয়েছে, সহকারী হাইকমিশনার গত ২৭ মার্চ সিলেটের মৌলভীবাজারের মাধবপুরস্থ স্থানীয় মণিপুরি সম্প্রদায়ের সঙ্গে একটি মতবিনিময় ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

গত ২৭ ফেব্রুয়ারি সভাপতি খায়রুল হোসেনের নেতৃত্বে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি দল ভারতের সহকারী হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। 

গত ২৫ ফেব্রুয়ারি, মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত চাশ্রমিকদের প্রতিনিধিরা সিলেটে ভারতের সহকারী হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।



  বিষয়:   জাতীয়  সংসদ  নির্বাচন  ঢাকা  দিল্লি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: