ইউক্রেন যুদ্ধের অন্যতম আলোচিত অধ্যায় বুচা ঘটনার স্মরণে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল কিয়েভ সফর করেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাসের নেতৃত্বে এই প্রতিনিধি দল ইউক্রেনের রাজধানীতে পৌঁছায়।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিনিধি দলটি ২০২২ সালের বুচা ঘটনার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবে। রাজধানী কিয়েভে পৌঁছালে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা তাদের স্বাগত জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় সিবিহা বলেন, ইউক্রেন জানে কীভাবে জয়ী হতে হয়, আর এই সফর ইউরোপের পক্ষ থেকে প্রকৃত সাহস ও সংহতির প্রতীক। তিনি কাল্লাসসহ ইউরোপীয় প্রতিনিধিদের প্রতি
কৃতজ্ঞতা জানান।
২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে ইস্তানবুলে অনুষ্ঠিত শান্তি আলোচনার পর রাশিয়া কিয়েভ অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়। এটিকে তারা ‘সদিচ্ছার নিদর্শন’ হিসেবে উল্লেখ করেছিল। তবে রুশ সেনা প্রত্যাহারের পর কিয়েভের উপকণ্ঠের শহর বুচা-তে ভয়াবহ দৃশ্য সামনে আসে বলে দাবি করে ইউক্রেন।
দেশটির কর্তৃপক্ষ জানায়, রাস্তায় বহু বেসামরিক মানুষের মরদেহ পাওয়া যায়, যাদের কারও হাত বাঁধা ছিল। ইউক্রেন এই ঘটনাকে রুশ বাহিনীর ‘হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দেয়।