জেনজিরা দেশের ইতিহাস ভালো জানে না : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কোনো এক ব্যক্তির নির্দেশে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়

2026-04-04T18:37:11+00:00
2026-04-04T18:52:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
তেলিয়াপাড়া দিবস-২০২৬
জেনজিরা দেশের ইতিহাস ভালো জানে না : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৬:৩৭ পিএম  আপডেট: ০৪.০৪.২০২৬ ৬:৫২ পিএম
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
কোনো এক ব্যক্তির নির্দেশে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, জেনজিরা দেশের ইতিহাস ভালো জানে না। গত ১৫ বছর ফ্যাসিস্ট সরকার তাদের প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে দেয়নি।

শনিবার (৪ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ‘তেলিয়াপাড়া দিবস’ উপলক্ষে এ সভা আয়োজন করা হয়।

তিনি বলেন, কোনো এক ব্যক্তির নির্দেশে কিছু হয়নি। সেদিন (১৯৭১ সালে) শেখ মুজিবুর রহমান বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন। ২৫ মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনীর হামলায় যখন মানুষ কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন, তখন মহান স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

মির্জা ফখরুল আরও বলেন, তেলিয়াপাড়া চা বাগানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী-এর নেতৃত্বে এবং জিয়াউর রহমানের উদ্যোগে সেক্টর কমান্ডাররা একত্রিত হয়ে যুদ্ধের পরিকল্পনা করেন। ১৯৭১ সালের এই দিনে অনুষ্ঠিত বৈঠকে মুক্তিযুদ্ধকে ১১টি সেক্টরে ভাগ করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়, যা স্বাধীনতা সংগ্রামের ‘সূতিকাগার’ হিসেবে পরিচিত।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। ঐতিহাসিক তেলিয়াপাড়া থেকেই মুক্তিযুদ্ধের মূল সামরিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এ পরিকল্পনার পরই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র লড়াই সুসংগঠিতভাবে শুরু হয়, যা বিজয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


বিএনপি সংস্কার চায় না- এমন বক্তব্যকে ‘সম্পূর্ণ মিথ্যা’ দাবি করে দলটির মহাসচিব বলেন, রাষ্ট্র সংস্কারের দাবি বিএনপি প্রথম শুরু করে। ২০১৬ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনে ভিশন ২০৩০ প্রস্তাব করেন। আমরা রাষ্ট্র সংস্কারের পক্ষে কাজ করছি।

হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মুক্তিমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, সৈয়দ মো. ফয়সল ও ডা. সাখাওয়াত হাসান জীবন।

অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা তেলিয়াপাড়া দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে মুক্তিযুদ্ধের চেতনা ধারণের আহ্বান জানান।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই তেলিয়াপাড়া স্মৃতিসৌধে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় সরকার মন্ত্রী। জাতীয়াতাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতসহ স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


/ইউএমএইচ
 



  বিষয়:   মির্জা ফখরুল  তেলিয়াপাড়া দিবস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: