বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি তা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। এই বিতর্ক অবসান ঘটাতে উদ্যোগ নিয়েছে সরকার। সরকারিভাবেই পরিমাপ করা হবে দেশের সর্বোচ্চ পাহাড়ের শীর্ষবিন্দু। শনিবার (৪ এপ্রিল) থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। চলবে ১২ এপ্রিল পর্যন্ত। বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় অবস্থিত পাহাড়গুলো পরিমাপ করে দেশের সর্বোচ্চ পাহাড়ের শীর্ষবিন্দু নির্ণয় করা হবে।
জরিপ কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের একটি অভিজ্ঞ জরিপ দল। এজন্য অনুসরণ করা হবে আন্তর্জাতিক মানদণ্ড।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জরিপ অধিদপ্তর আধুনিক জিওডেটিক পদ্ধতি ও উন্নত গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম প্রযুক্তি ব্যবহার করে দেশের সর্বোচ্চ শৃঙ্গের গড় সমুদ্রতল থেকে উচ্চতা (এমএসএল) নির্ধারণের লক্ষ্যে একটি সমন্বিত জরিপ কার্যক্রম পরিচালিত হবে। যার লক্ষ্য সর্বোচ্চ শৃঙ্গের অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং গড় সমুদ্রতল থেকে উচ্চতা (এমএসএল) উভয় ক্ষেত্রেই সেন্টিমিটার স্তরের নির্ভুলতা নিশ্চিত করা।
জরিপ কার্যক্রমটি সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ, ব্রিগেডিয়ার জেনারেল নুর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ারের নেতৃত্বে এবং জিওডেটিক ডিটাচমেন্ট এর ইনচার্জ দেবাশীষ সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
থানচি ও রুমায় অবস্থান করে তারা বিভিন্ন পাহাড়ের উচ্চতা পরিমাপ করবেন। জরিপ কার্যক্রমের জন্য সদ্য প্রস্তুতকৃত জিওড মডেল এর মাধ্যমে জিএনএসএস রিসিভার থেকে প্রাপ্ত এলিপোসিড হাইট থেকে পর্বতশৃঙ্গের এমএসএল উচ্চতা নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব।
জরিপ দলটি বান্দরবান জেলার থানচি, রেমাক্রি, রুমা ও তিন্দু ইত্যাদি দুর্গম এলাকায় গমন করে ডুয়াল ফ্রিকোয়েন্সি জিএনএসএস রিসিভার, আরটিকে রিসিভার, টোটাল স্টেশন, লেভেল মেশিন এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাহাড়গুলোর চূড়ার উচ্চতা নির্ণয় করবে।
এই জরিপের মাধ্যমে বাংলাদেশ জরিপ অধিদপ্তর (সার্ভে অব বাংলাদেশ) কর্তৃক দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং, কেওক্রাডং না সাকা হাফং-তা নির্ণয়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের বিতর্কের নিষ্পত্তি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এফআর