রাজনৈতিক সহিংসতায় বেড়েছে মৃত্যুর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে রাজনৈতিক সহিংসতায় গত ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে মৃতের সংখ্যা বেড়েছে। চলতি বছরের মার্চ মাসে সারা দেশে রাজনৈতিক ও নির্বাচন

2026-04-05T02:52:56+00:00
2026-04-05T02:52:56+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
এইচআরএসএসের প্রতিবেদন
রাজনৈতিক সহিংসতায় বেড়েছে মৃত্যুর সংখ্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ২:৫২ এএম 
সংগৃহীত ছবি
দেশে রাজনৈতিক সহিংসতায় গত ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে মৃতের সংখ্যা বেড়েছে। চলতি বছরের মার্চ মাসে সারা দেশে রাজনৈতিক ও নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। যা এর পূর্ববর্তী মাসের তুলনায় বেশি। শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) সংগৃহীত তথ্যের ভিত্তিতে ২০২৬ সালের মার্চ মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মার্চ মাসে ১১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন ৯১২ জন। মার্চ মাসে রাজনৈতিক সহিংসতা তুলনামূলক কমলেও নিহতের সংখ্যা ফেব্রুয়ারি মাসের তুলনায় বেড়েছে। গত ফেব্রুয়ারি মাসে ৩৪৬টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছিলেন ১০ জন।

মার্চ মাসে সহিংসতার ১১৩টি ঘটনার মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে ৪৫টি ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০১ জন ও নিহত ৯ জন। বিএনপি-জামায়াতের মধ্যে ১৬টি সংঘর্ষে আহত হয়েছেন ১০৯ জন ও নিহত ৫ জন, বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ২২টি সংঘর্ষে আহত হয়েছেন ১৫৬ জন এবং নিহত হয়েছেন ২ জন। বিএনপি-এনসিপি মধ্যে ২টি সংঘর্ষে আহত হয়েছেন ১১ জন, বিএনপি ও অন্যান্য দলের মধ্যে ২১টি সংঘর্ষে আহত হয়েছেন ৩৯ জন। 

এছাড়া বিভিন্ন দলের মধ্যে ৭টি ঘটনায় আহত হয়েছেন ৯৬ জন ও নিহত হয়েছেন ২ জন। নিহত ১৮ জনের মধ্যে বিএনপির ১৩ জন, জামায়াতের ২ জন, পার্বত্য চট্টগ্রামকেন্দ্রিক রাজনৈতিক দলের ২ জন ও একজন সাধারণ মানুষ। রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮ জনের মধ্যে একজন নারী, একজন কিশোর ও একজন সাধারণ মানুষ রয়েছেন।

প্রতিবেদনে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার তথ্য উল্লেখ করে বলা হয়, সারা দেশে অন্তত ৯টি সহিংসতার ঘটনায় ১০৯ আহত এবং ৩ জন নিহত হয়েছেন। বিএনপি-জামায়াত সংঘর্ষে একজন আহত ও একজন নিহত এবং অন্যান্য দলের মধ্যে ২টি সংঘর্ষে ২ জন আহত হয়েছেন।

শ্রমিক নির্যাতনে মানবাধিকার লঙ্ঘনের বিষয় উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসে ৭৭টি শ্রমিক নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন ১৯ জন এবং আহত হয়েছেন ১৭৬ জন। অস্বাস্থ্যকর পরিবেশ এবং শ্রমিকদের সুরক্ষামূলক সরঞ্জামের অভাবে দুর্ঘটনায় ৩৮ জন শ্রমিক তাদের কর্মক্ষেত্রে মারা গেছেন। এ ছাড়া রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনের তিন তলা থেকে ফেলে পিংকি (১৫) নামে এক গৃহকর্মীকে হত্যার অভিযোগ রয়েছে।

এ মাসে ২৭৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, মার্চ মাসে ৭২ জন নারী, শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৬ জন নারী ও কন্যাশিশু। এ ছাড়া ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৫ জনকে, যাদের মধ্যে ৩ জন শিশু এবং ধর্ষিত হয়ে আত্মহত্যা করেছেন একজন। 

৫৩ জন নারী ও কন্যাশিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন। তার মধ্যে শিশু ২৩ জন। এ ছাড়া পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ৫১ জন, আহত হয়েছেন ৪৬ জন এবং আত্মহত্যা করেছেন ৪৩ জন নারী। এমনকি যৌতুকের দাবিতে নির্যাতনের ঘটনায় নিহত হন ৩ জন নারী, আহত হয়েছেন ৪ জন।

অন্যদিকে ১৭৬ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে যাদের মধ্যে ৬৪ জন প্রাণ হারিয়েছে এবং ১১২ জন শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। চিকিৎসা অব্যবস্থাপনা, আইসিইউ সংকট, হামের উপসর্গে গত মাসে শুধু রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে অন্তত ৫১ জন শিশুর মৃত্যু হয়েছে।

মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, মার্চ মাসে গণপিটুনি ও মব সহিংসতায় সারা দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, বাকবিতণ্ডা, আধিপত্য বিস্তার, ধর্মীয় অবমাননাসহ নানা অভিযোগে ২৫টি ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৩ জন এবং আহত হয়েছেন ৩৮ জন।

মার্চ মাসে সাংবাদিক নির্যাতনের ঘটনার তথ্য উল্লেখ করে বলা হয়েছে, মার্চ মাসে ৩৪টি হামলার ঘটনায় ৫৯ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এ ছাড়া একজন সাংবাদিককে আটক করা হয়েছে। আর সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫-এর অধীনে ৮ জন সাংবাদিককে আসামি করে পৃথক দুটি মামলা হয়েছে।

মার্চ মাসে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীদের নামে ২৮টির অধিক মামলা হয়েছে। সারা দেশে যৌথবাহিনীর বিশেষ অভিযানে প্রায় দেড় হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্চ মাসে পুলিশি অভিযানের সময়ে নির্যাতনে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত মাসে সারা দেশে কারাগারে কমপক্ষে ১২ জন কয়েদি মারা যান। এর মধ্যে ২ জন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের কর্মী।
ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও মাজারে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ১০টি হামলার ঘটনায় ৫ জন আহত হয়েছেন।

সীমান্তে হতাহত ও আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়, মার্চ মাসে ভারত-বাংলাদেশ সীমান্তে ৪টি হামলার ঘটনায় ৪ জন আহত এবং ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া একজনকে আটক করা হয়েছে। অপরদিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৫টি সহিংসতার ঘটনায় একজন আহত ও ২৭ জনকে আটক করা হয়েছে।

সার্বিক বিষয়ে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা এবং মানবাধিকার সুরক্ষার জন্য রাষ্ট্র ও সমাজের সব স্তরে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে নির্বাচনি সহিংসতা, মব সহিংসতা, হেফাজতে মৃত্যু, রাজনৈতিক উত্তেজনা এবং মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ- এসব বিষয় সমাধান করা না হলে মানবাধিকার পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

সময়ের আলো/আআ



  বিষয়:   রাজনীতি  সহিংসতা  মৃত্যু  বাংলাদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: