প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১১:৫৯ এএম আপডেট: ০৬.১১.২০২৬ ১২:২৭ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে আজ শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়িতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় জুমার নামাজ আদায় করবেন তিনি। এরপর মাদরাসাটির ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
মাদরাসা সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী এই বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিন। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও অংশ নেওয়ার কথা রয়েছে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর।
এ ছাড়া সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা, দেশের বিভিন্ন এলাকার শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের অংশ নেওয়ার কথা রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার বাদ ফজর মাদরাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই মহাসম্মেলনের কার্যক্রম শুরু হয়।
সময়ের আলো/ইউএমএইচ