বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা আবেদনে নতুন শর্ত আরোপ । ছবি : সংগৃহীত বাংলাদেশ থেকে ভারতের ভিসা আবেদন প্রক্রিয়ায় বাধ্যতামূলক নতুন শর্ত আরোপ করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। যে কোনো ক্যাটাগরির ভিসা আবেদনের জন্য নির্ধারিত ফরম্যাটে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা ভিসা অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসা সংক্রান্ত পোর্টালে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভিসা আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করতেই এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকমিশনের দেওয়া লিংক থেকে নির্ধারিত ফরম্যাটে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ ডাউনলোড করতে হবে এবং ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে।
হাইকমিশন কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনকারীদের শুধু নির্ধারিত ফরম্যাটের ফর্মটিই ব্যবহার করতে হবে। অন্য কোনো ফরম্যাটে ফর্ম জমা দিলে আবেদন গ্রহণযোগ্য হবে না। ভারতীয় ভিসা প্রত্যাশীদের নির্ধারিত লিংক থেকে ফর্ম ডাউনলোড করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, প্রকাশিত এক পাতার ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ অনুযায়ী আবেদনকারীকে প্রথমে নিজের নাম লিখে অঙ্গীকার করতে হবে যে, তিনি যে উদ্দেশ্যে ভিসার আবেদন করেছেন শুধুমাত্র সেই উদ্দেশ্যেই ভারত সফর করবেন। একইসঙ্গে ঘোষণা দিতে হবে, আবেদনের তারিখে তিনি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রে বসবাস করছেন এবং তার দেওয়া সব তথ্য সঠিক।
এরপর, ১ম অংশে ব্যাক্তিগত তথ্যের ঘরে ৫টি তথ্য বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে। এগুলো হলো পাসপোর্ট অনুযায়ী নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্ম তারিখ এবং ঢাকার বর্তমান ঠিকানা।
২্য় অংশে ভারত যাওয়ার উদ্দেশ্য (পারপাস অব ভিজিটি) স্পষ্ট করে লিখতে হবে, যেমন ট্যুরিজম, বিজনেস, মেডিক্যাল ট্রিটমেন্ট, কনফারেন্স ইত্যাদি।
৩য় থেকে ৫ম অংশে মূলত ৩টি অঙ্গীকারনামা রয়েছে। আবেদনকারীকে অঙ্গীকার করতে হবে যে, সফর শেষ হওয়া মাত্রই তিনি নিজ দেশে ফিরে আসবেন এবং কোনো অবস্থাতেই ভিসার মেয়াদ অতিক্রম করে ভারতে অবস্থান করবেন না।
ভারতে অবস্থানকালে ভারতের সব আইন, বিধি-বিধান ও সংস্কৃতি মেনে চলবেন এবং আইনবিরোধী কোনো কাজে জড়াবেন না। কোনো আইন লঙ্ঘন করলে ভিসা বাতিল এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার যোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও ফর্মে উল্লেখ রয়েছে।
সবশেষে আবেদনকারীকে স্বাক্ষর এবং স্থান ও তারিখ দিয়ে ফর্মটি সম্পন্ন করতে হবে। অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীর ক্ষেত্রে বাবা-মা উভয়কেই স্বাক্ষর করতে হবে বলে ফর্মে নির্দেশনা দেওয়া হয়েছে।
সময়ের আলো/এসকে