প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ২:০৩ এএম
সেনাসদস্য মো. তিতাস শেখ। ছবি : সংগৃহীতকক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখ (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালিকে জিম্মি করে রেখেছিল ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। পাল্টাপাল্টি গোলাগুলির একপর্যায়ে সেনাসদস্য তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হন। অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অভিযানে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এ ছাড়া একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকেও উদ্ধার করেছে যৌথ বাহিনী।
নিহত তিতাস শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আফজাল হোসেনের ছেলে। লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল তালুকদার, যিনি নিহতের মামা, বিভিন্ন সূত্রে ভাগনের মৃত্যুর খবর পেয়েছেন বলে জানিয়েছেন। শুক্রবার সকালে তাঁর মরদেহ বাড়িতে পাঠানোর কথা রয়েছে।
তিতাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আইএসপিআর এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
সময়ের আলো/এমকে