আগাম শীতের সবজিতে স্বস্তি মিললেও চড়া মাছ-মাংসের বাজার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর বাজারগুলোতে ধীরে ধীরে দেখা মিলছে শীতের আগাম সবজির। সরবরাহ বাড়তে শুরু করায় কিছু সবজির দাম কমেছে। শিম, ফুলকপি, বাঁধাকপি

2026-11-06T13:17:29+00:00
2026-11-06T13:25:23+00:00
 
  শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
জাতীয়
আগাম শীতের সবজিতে স্বস্তি মিললেও চড়া মাছ-মাংসের বাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১:১৭ পিএম  আপডেট: ০৬.১১.২০২৬ ১:২৫ পিএম
রাজধানীর বাজারগুলোতে ধীরে ধীরে দেখা মিলছে শীতের আগাম সবজির। ছবি : সংগৃহীত
রাজধানীর বাজারগুলোতে ধীরে ধীরে দেখা মিলছে শীতের আগাম সবজির। সরবরাহ বাড়তে শুরু করায় কিছু সবজির দাম কমেছে। শিম, ফুলকপি, বাঁধাকপি ও মুলার মতো মৌসুমি সবজি বাজারে আসতে শুরু করায় আগের তুলনায় ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে সব সবজিতেই পুরোপুরি স্বস্তি মিলছে না। টমেটো, কাঁচামরিচ, গাজর ও গোল বেগুনসহ বেশ কয়েকটি সবজির দাম এখনো বেশ চড়া। তবে মাছ-মাংসের বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। অধিকাংশ পণ্যই বিক্রি হচ্ছে আগের সপ্তাহের কাছাকাছি দামে। ফলে সবজি কিনতে কিছুটা স্বস্তি মিললেও মাছ-মাংসের পেছনে ক্রেতাদের আগের মতোই বাড়তি টাকা গুনতে হচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর মালিবাগ, মুগদা ও রামপুরাএলাকার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় কয়েকটি পণ্যের দাম তুলনামূলক কমেছে। তবে কিছু সবজি এখনও ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে। বাজারভেদে খুচরা বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। আকারভেদে প্রতি পিস ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা এবং বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা। মুলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০ থেকে ৬০ টাকা। এ ছাড়া প্রতি কেজি ধুন্দল, ঝিঙা ও মেটে আলু ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। বেগুনের দাম জাত ও আকারভেদে ৪০ থেকে ৭০ টাকা। 

অন্যদিকে, কেজি প্রতি গোল বেগুন কিনতে হলে গুনতে হচ্ছে ১২০ টাকা। টমেটো ও কাঁচামরিচের কেজি ১২০ টাকা করে। গাজর বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। শসার ক্ষেত্রেও রয়েছে দামের পার্থক্য। প্রতি কেজি দেশি শসা ৮০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি ঢ্যাঁড়শ ও কচুমুখি ৫০ থেকে ৬০ টাকা, বরবটি, করলা ও কাঁকরোল ৬০ থেকে ৮০ টাকা। প্রতি পিস লাউয়ের দাম ৪০ থেকে ৫০ টাকা। পেঁপে ৩০ টাকা, মিষ্টিকুমড়া ৩০ থেকে ৪০ টাকা এবং আলু ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুগদা বাসার টাওয়ার বাজারের সবজি বিক্রেতা মো. ইমন মিয়া জানান, কয়েকদিন ধরে শীতকালীন সবজির সরবরাহ খানিকটা বাড়ায় বেশ কিছু সবজির দাম আগের তুলনায় কমেছে। বাজারে সরবরাহ আরও বাড়লে সামনের দিনগুলোতে দাম আরও কমতে পারে।

রামপুরা বাজারের সবজি বিক্রেতা কামরুল ভূঁইয়া নামে আরেক বিক্রেতা জানান, শীতের সবজির সরবরাহ বাড়লে দাম কিছুটা কমেছে। ফুলকপি ও বাঁধাকপি এখন আকারভেদে প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কেজি হিসেবে এসব সবজির দাম ৬০ টাকা।

মালিবাগ বাজারে সাপ্তাহিক বাজাব করতে আসা খন্দকার ওবায়দুল্লাহ নামে এক বেসরকারি চাকুরিজীবী বলেন, বাজারে এ সপ্তাহে নতুন নতুন সবজি দেখতে পাচ্ছি। নতুন সবজি আসায় দাম আগের থেকে তুলনামূলক কমেছে। তবে কিছু কিছু সবজির দাম আকাশছোঁয়া। মাছ-মাংসের বাজার আগের মতোই আছে।  


আবারে এদিকে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও মাছের বাজারে তেমন পরিবর্তন দেখা যায়নি। গেল সপ্তাহের কাছাকাছি দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ মাছ। প্রতি কেজি রুই মাছ আকারভেদে ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কাতলা ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। তবে ইলিশের দাম এখনো বেশ চড়া। আকার ও মানভেদে প্রতি কেজি ইলিশের দাম ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকা। কোনো কোনো বাজারে বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত।

মাংসের বাজারেও দামের তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকা। এ ছাড়া গরুর মাংস প্রতি কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আগের সপ্তাহের তুলনায় এসব পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি।

এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যেও নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র দেখা গেছে। সংস্থাটির ৫ নভেম্বরের খুচরা বাজারদরের প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ, কাঁচামরিচ, বেগুন, ফার্মের ডিম, ছোলা, সুগন্ধি পোলাও চাল ও আমদানি করা আদার দাম কমেছে। 

অন্যদিকে প্যাকেট ময়দা, খোলা পাম অয়েল ও চিনির দাম কিছুটা বেড়েছে। তবে অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   শীতের সবজি  স্বস্তি  চড়া বাজার  মাছ  মাংস 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: