বিশিষ্ট চিত্রশিল্পী, শিল্প-নির্দেশক ও চলচ্চিত্র পরিচালক তরুণ ঘোষ আর নেই। তার মৃত্যুতে দেশের শিল্পাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
১৯৫৩ সালের নভেম্বরে রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন তরুণ ঘোষ। বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই শিল্পী ১৯৭৯ সালে রাজশাহী আর্ট কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে যোগ দেন, যা পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে রূপান্তরিত হয়।
১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি ভারতের বরোদায় এম.এস. বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘ফোক পেইন্টিং রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন প্রোগ্রাম’ এ কাজ করেন।
চিত্রকলার পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ‘কিত্তনখোলা’ চলচ্চিত্রে শিল্প নির্দেশনার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া ‘মাটির ময়না’, ‘নরসুন্দর’, ‘চন্দ্রাবতী কথা’ এবং সর্বশেষ ‘সখী রঙ্গমালা’ চলচ্চিত্রে শিল্প-নির্দেশকের দায়িত্ব পালন করেন।
তার চিত্রকর্মে বাংলার লোকঐতিহ্য, মিথ ও ইতিহাস আধুনিক ব্যাখ্যায় ফুটে উঠেছে। ‘বেহুলা’ সিরিজসহ মুক্তিযুদ্ধভিত্তিক বৃহৎ ক্যানভাস, পাখি, প্রকৃতি, প্রতিকৃতি ও ব্যক্তিগত অনুভূতির নানা দিক তার শিল্পে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।
তরুণ ঘোষের মৃত্যুতে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো।
সময়ের আলো/আরবিএন