লেবানন ইস্যুতে আগামী মঙ্গলবার ওয়াশিংটনে আলোচনায় বসতে রাজি হলেও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার এক বিবৃতিতে এই কঠোর অবস্থানের কথা জানান।
দ্য টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূত এবং লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে একটি প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তত্ত্বাবধানে হওয়া সেই বৈঠকে আগামী মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করতে সম্মত হয়েছে ইসরায়েল।
তবে হিজবুল্লাহর বিষয়ে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে রাষ্ট্রদূত লেইটার বলেন, ইসরায়েল হিজবুল্লাহর মতো সন্ত্রাসী সংগঠনের সাথে কোনো যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা এখনো ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে এবং দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পথে তারাই প্রধান অন্তরায়।
এদিকে লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা অব্যাহত রয়েছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার এক দিনেই ইসরায়েলি হামলায় অন্তত ৩৫৭ জন লেবানিজ নাগরিক নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ধ্বংসস্তূপের নিচে এবং বিভিন্ন স্থানে পড়ে থাকা বিপুল সংখ্যক দেহাংশ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে, যা এখন পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিয়েছে। একপক্ষ যখন আলোচনার টেবিলের কথা বলছে, অন্যপক্ষ তখন হামলা ও পাল্টা হামলার শক্তিতেই সমাধান খুঁজছে। যার বলি হচ্ছে সাধারণ মানুষ।
/কহু