লক্ষ্মীপুরের কমলনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) এক প্রকৌশলীর বিরুদ্ধে বিরুদ্ধে দরপত্র আহ্বান প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রকৌশলীর নাম আবদুল কাদের মোজাহিদ।
২০২৫-২৬ অর্থবছরের এডিপি ও উপজেলার রাজস্ব খাতের প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের বিপরীতে এ অভিযোগ উঠেছে। এই টেন্ডারে উপজেলায় প্রকৌশলী নিজেই ঠিকাদার সেজে এবং পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করায় স্থানীয় ঠিকাদার ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে জানা যায়, গত ৪ মার্চ তারিখসহ বিভিন্ন সময়ে উপজেলা প্রকৌশলী তিনটি পৃথক ই-টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এর মধ্যে এলটিএম পদ্ধতিতে ৯টি ও ১০টি করে প্যাকেজ এবং ওএমটি পদ্ধতিতে ৭টি প্যাকেজে সাজিয়ে দরপত্র আহ্বান করা হয়।
নিয়ম অনুযায়ী একই অর্থবছরের বরাদ্দকৃত অর্থ দ্বারা ই-টেন্ডারের মাধ্যমে এলটিএম পদ্ধতিতে অথবা ওটিএম পদ্ধতিতে দরপত্র আহ্বান করার কথা থাকলেও উপজেলা প্রকৌশলী নিজেই ঠিকাদারি করার জন্য এবং তার পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে এলটিএম পদ্ধতির পাশাপাশি ওটিএম পদ্ধতিতে টেন্ডার আহ্বান করেছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ঠিকাদারদের দাবি, প্রযুক্তিগত কারসাজির মাধ্যমে উপজেলা প্রকৌশলী নিজে নামে-বেনামে কাজ নেওয়ার জন্য এবং পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার লক্ষ্যে এই ওটিএম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়েছে, যা সরকারি ক্রয় নীতিমালা (পিপিআর) পরিপন্থি।
প্রকৌশলী মোজাহিদ বলেন, এলটিএমের পাশাপাশি ওটিএম পদ্ধতিতেও টেন্ডার আহ্বান করা যেতে পারে। তবে তিনি স্পষ্ট করেন যে, টেন্ডার আহ্বানের আগে কোনো ধরনের ইস্টিমেট প্রদান করার প্রশ্নই আসে না।
সময়ের আলো/জোই