রাজধানীর মহাখালীর একটি আবাসিক হোটেল থেকে আশরাফুল (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে মহাখালী আমতলী ‘হোটেল জাহাদ’ এর পঞ্চম তলার ২০ নম্বর রুম থেকে আশরাফুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বনানী থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য সোমবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান বলেন, আশরাফুলের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামে। তিনি পেশায় কাঠমিস্ত্রি।
আরও পড়ুন
এসআই আরও বলেন, রোববার রাতে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ২০ নম্বর কক্ষের দরজা ভেঙে ভিতরে ঝুলন্ত অবস্থায় আশরাফুলের মরদেহ পাওয়া যায়।
তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এএডি/