রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন আটকে পড়ার ঘটনায় ১৫ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে এই অনাকাঙ্ক্ষিত বিভ্রাট ঘটে।
এমআরটি পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বেলা ১২টা ৫০ মিনিটে কারওয়ান বাজার অংশে মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর একটি গ্যাস বেলুন উড়ে এসে পড়ে। উচ্চ ভোল্টেজের লাইনে বেলুনটি আটকে থাকায় নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়্যারলেস অপারেটর রাতুল জানান, খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। লাইন থেকে বেলুনটি অপসারণের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। দুপুর ১টা ৫ মিনিটে কারওয়ান বাজার স্টেশন থেকে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়।
/কহু