কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে একযোগে পরীক্ষা শুরু হয়, যেখানে অংশ নিচ্ছে ১৮ লাখেরও বেশি শিক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে ছাত্রের সংখ্যা প্রায় ৯ লাখ ৩০ হাজার এবং ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজারের বেশি। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে।
দেশব্যাপী ৩০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। বিভাগ ভিত্তিক হিসেবে মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, এরপর রয়েছে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ।
আরও পড়ুন
অন্যদিকে, মাদ্রাসার অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে তিন লাখের বেশি শিক্ষার্থী। এছাড়া কারিগরির আওতায় কারিগরি ধারায় পরীক্ষার্থী রয়েছে প্রায় দেড় লাখ।
এবার পরীক্ষা ঘিরে অনিয়ম ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে শিক্ষা প্রশাসন। সব পরীক্ষা কেন্দ্র সিসিটিভির আওতায় রাখা হয়েছে এবং প্রশ্নফাঁস রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে।
পরীক্ষার সময় কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ভ্রাম্যমাণ টিমও সক্রিয় রয়েছে, যাতে নকল বা অনিয়মের কোনো সুযোগ না থাকে।
এদিকে, পরীক্ষাকেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। হঠাৎ করে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন সংশ্লিষ্ট কর্মকর্তারাও- এমন সম্ভাবনাও রয়েছে।
এএডি/