ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইসরাইলের শুরু করা যুদ্ধের জেরে গোটা বিশ্বে নজিরবিহীন জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) প্রধান ফাতিহ বিরল। মঙ্গলবার ফ্রান্স ইন্টার রেডিওতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে বিরল বলেন, আসলে এটিই ইতিহাসের সবচেয়ে বড় সংকট।
তিনি আরও বলেন, রাশিয়ার কারণে তৈরি হওয়া পেট্রোল ও গ্যাসের সংকটের প্রভাবকে একসঙ্গে জুড়লেও দেখা যাবে, বর্তমান সংকট ইতিমধ্যেই বিশাল আকার ধারণ করেছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মক ব্যাহত হয়েছে। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়েই পরিবাহিত হয়। খবর রয়টার্সের।
চলতি মাসের গোড়াতেই বিরল বলেছিলেন, বিশ্ব জ্বালানি বাজারের বর্তমান পরিস্থিতি ১৯৭৩, ১৯৭৯ ও ২০২২ সালের সম্মিলিত সংকটের চেয়েও ভয়াবহ। যুদ্ধের জেরে তেলের দামের এই ঊর্ধ্বমুখী প্রবণতায় রাশ টানতে মার্চেই পদক্ষেপ নিয়েছিল আইইএ। সে সময় সংস্থার ৩২টি সদস্য রাষ্ট্র সর্বসম্মতিক্রমে কৌশলগত মজুদ থেকে রেকর্ড ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়। পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে এত বিপুল পরিমাণ তেল একসঙ্গে বাজারে ছাড়ার নজির বিশ্বে এই প্রথম।