ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশ বেড়েছে। ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ বহাল থাকা পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত না করার বিষয়ে অনড় থাকে তেহরান। ফলে তেলের আন্তর্জাতিক বাজারে এই অস্থিরতা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারের তেলের মানদণ্ড ডব্লিউটিআই (WTI) ৪ দশমিক ০৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৭৩ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১০৫ দশমিক ৬৩ ডলারে কেনাবেচা হচ্ছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধ থাকার হুঁশিয়ারি এবং মার্কিন অবরোধ তুলে নেওয়ার বিষয়ে কোনো স্পষ্ট সমাধান না আসায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশ্বের অন্যতম প্রধান এই নৌপথ সচল না হওয়া পর্যন্ত সরবরাহ সংকটের আশঙ্কা কাটছে না।
বর্তমানে যুদ্ধবিরতির আলোচনা এবং পুনরায় সংঘাত শুরুর আশঙ্কার মাঝখানে ঝুলে থাকায় তেলের বাজারে এই অস্থিতিশীলতা বজায় রয়েছে। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক উত্তেজনা নিরসন না হলে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
সময়ের আলো/আআ