মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস কোম্পানি ‘পেট্রোস’-এ এক হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের অনুমোদন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চিঠিটিকে সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট বলে জানিয়েছে সারাওয়াক রাজ্য কর্তৃপক্ষ।
ভাইরাল হওয়া ওই চিঠিতে দাবি করা হয়, সারাওয়াকের শ্রম বিভাগ পেট্রোসকে বাংলাদেশ থেকে এক হাজার কর্মী নিয়োগের অনুমতি দিয়েছে। তবে সারাওয়াক প্রিমিয়ার বিভাগের উপমন্ত্রী (শ্রম, অভিবাসন ও প্রকল্প পর্যবেক্ষণ) গেরাওয়াত গালা এই তথ্যকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন।
তিনি জানান, শ্রম বিভাগ এমন কোনো চিঠি জারি করেনি এবং পেট্রোসও বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য কোনো আবেদন করেনি। তার ভাষায়, এটি সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীনভাবে তৈরি করা একটি জাল নথি।
এই ঘটনার নিন্দা জানিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দায়েরের নির্দেশ দেন। পাশাপাশি যারা এই ভুয়া চিঠি তৈরি ও প্রচার করেছে, তাদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান।
ভুয়া তথ্য ছড়িয়ে পড়ায় জনমনে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে, যা সরকারি সংস্থা ও পেট্রোসের মতো প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ অবস্থায় জনগণকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। নির্ভরযোগ্য তথ্যের জন্য সরকারি দপ্তরের আনুষ্ঠানিক সূত্র অনুসরণ করার পরামর্শও দেওয়া হয়েছে।
/ইউএমএইচ