দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজন মারা গেছেন। তাদের মধ্যে একজন হাম আক্রান্ত হয়েই মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। বাকি চারজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। আর একই সময়ে ‘সন্দেহজনক’ হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৫৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯০ জনের। তাতে সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেল এক হাজার ৪৪৮ জন। এই নিয়ে সরকারি হিসেবে গত ৪৩ দিনে হাম সন্দেহে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে। আর এখন পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৪৪ শিশুর। ফলে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬৪ জনে।
সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদফতর হাম সংক্রান্ত পরিস্থিতির নিয়মিত তথ্য দিচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ৩০ হাজার ৩৮৬ জনের শরীরে। আর এই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৪৪২ জন। আর এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৪ হাজার ৬৯৩ জনের শরীরে। এছাড়া এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯ হাজার ১৮ জন।
আরও পড়ুন
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে সিলেট বিভাগে দুইজন, আর ঢাকা, খুলনা এবং রাজশাহী বিভাগে একজন করে মৃত্যু হয়েছে।
অধিদফতরের পাঠানো তথ্যে বিভাগওয়ারি বিশ্লেষনে দেখা গেছে, দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। আর গত ২৪ ঘন্টায় ‘সন্দেহজনক’ আক্রান্তের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে রোগী পাওয়া গেছে ৬৫৯ জন। এর মধ্যে ৬৬ জন রোগীকে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে। এর পরেই চট্রগ্রাম বিভাগে ২১০ জন। আর এই বিভাগে নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ২ জন, রাজশাহী বিভাগে ১৯৩ জনের মধ্যে ১৮ জনের, ময়মনসিংহে ১৮ জনের ৩ জন এবং সিলেট বিভাগে ৪৩ জনের মধ্যে একজন নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে।
এছাড়া বরিশাল বিভাগে ১১৬ জন, খুলনাতে ৭৬ জন এবং রংপুরে ৪৩ জন, রংপুরে ৯ জন সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেলেও এই সব বিভাগে নিশ্চিত কোন হামের রোগী পাওয়া যায়নি।
সরকারি হিসেবে বিভাগওয়ারি মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, ‘সন্দেহজনক হামে’ সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ১০৩ জন। আর এ বিভাগে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৮ শিশুর। এরপরেই রয়েছে রাজশাহী বিভাগে ৬৯ জন, চট্রগামে ২০ জন, খুলনাতে ১২ জন, সিলেট ১০ জন এবং বরিশালে ৬ জন। তবে ময়মনসিংহ ও রংপুর বিভাগে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি।
এএডি/