পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশে নতুন করে এইচআইভি শনাক্ত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থীদের হার গত পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে। ২০২১ সালে নতুন শনাক্তদের ৭

2026-11-23T13:46:17+00:00
2026-11-23T13:48:12+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
জাতীয়
পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে এইচআইভি আক্রান্ত শিক্ষার্থী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:৪৬ পিএম  আপডেট: ২৩.১১.২০২৬ ১:৪৮ পিএম
সচেতনতার অভাব ও অনিরাপদ সম্পর্কের কারণে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণ বাড়ছে। ছবি : সংগৃহীত
দেশে নতুন করে এইচআইভি শনাক্ত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থীদের হার গত পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে। ২০২১ সালে নতুন শনাক্তদের ৭ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী থাকলেও, ২০২৫ সালে তা বেড়ে প্রায় ১৭ শতাংশে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে নতুন করে ১ হাজার ৮৯১ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়। তাদের মধ্যে ৩২১ জন শিক্ষার্থী।

এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে নতুন শনাক্ত ১ হাজার ৪৩৮ জনের মধ্যে শিক্ষার্থী ছিলেন ২২৩ জন বা ১৫ দশমিক ৫০ শতাংশ। ২০২৩ সালে ১ হাজার ২৭৬ জনের মধ্যে ১৮৫ জন (১৪ দশমিক ৫০ শতাংশ) এবং ২০২২ সালে ৯৪৭ জনের মধ্যে ৪২ জন (৪ দশমিক ৪৩ শতাংশ) শিক্ষার্থী ছিলেন। পরিসংখ্যানে দেখা যায়, ২০২২ সালের পর থেকে শিক্ষার্থীদের মধ্যে শনাক্তের হার ধারাবাহিকভাবে বেড়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সচেতনতার অভাব ও অনিরাপদ সম্পর্কের কারণে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণ বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধমূলক প্রচার, পরীক্ষার সুযোগ বাড়ানো, আক্রান্তদের চিকিৎসার আওতায় আনা এবং সামাজিক বৈষম্য দূর করা প্রয়োজন।


রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, ‘বিদেশি তহবিল কমে যাওয়ায় এইচআইভি বিষয়ে সচেতনতামূলক প্রচারণা কমেছে।’ স্কুল ও ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি এ খাতে নিজস্ব অর্থায়ন ও সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৮৯ সালে দেশে প্রথম এইডস রোগী শনাক্ত হওয়ার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১৪ হাজার ৩১৩। গত বছর এইডসে আক্রান্ত ২১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২ হাজার ৬৬৬।

গত বছর নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ২১ দশমিক ৫ শতাংশের বয়স ছিল ২০ থেকে ২৪ বছর। ১৫ থেকে ১৯ বছর বয়সীদের হার ৪ দশমিক ৮৭ শতাংশ। সবচেয়ে বেশি ৬২ দশমিক ৬১ শতাংশের বয়স ছিল ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে।

বিভাগটির প্রাক্কলন অনুযায়ী, ২০২৫ সালে দেশে এইচআইভি নিয়ে বসবাসকারী মানুষের সংখ্যা ছিল ১৭ হাজার ৪৮০। তাদের মধ্যে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৩১৩ জন। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮ হাজার ৫৭৯ জন অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদফতরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের পরিচালক ডা. মো. খায়রুজ্জামান বলেন, ‘বেশি মানুষকে পরীক্ষার আওতায় আনার কারণে শনাক্তের সংখ্যা বাড়ছে। তবে, অভিবাসী ও যৌনকর্মীদের মধ্যে সংক্রমণ কমেছে।’

বিভাগটির এক উপস্থাপনায় এইচআইভি মোকাবিলার কয়েকটি চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবায় সীমিত প্রবেশাধিকার এবং মাত্র ২৩টি জেলায় পরীক্ষার সুবিধা থাকা। পাশাপাশি সচেতনতার অভাব, সমন্বয়হীনতা ও আক্রান্ত ব্যক্তিদের প্রতি সামাজিক বৈষম্যও সংক্রমণ প্রতিরোধে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

সময়ের আলো/মহু

  বিষয়:   এইচআইভি  শিক্ষার্থী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: