প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:১৯ এএম
ছবি : সংগৃহীত গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হত্যাযজ্ঞের পরিকল্পনা করছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন প্রচারণাকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বাহিনীটি। একই সঙ্গে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম জড়িয়ে মনগড়া ও উসকানিমূলক তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২৩ নভেম্বর) বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক প্রতিবাদলিপিতে এ কথা জানানো হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে বিজিবির বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে। এসব প্রচারণায় গোপালগঞ্জে তথাকথিত অভিযান বা হত্যাযজ্ঞের আশঙ্কা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে সংঘবদ্ধ হয়ে বিজিবির ওপর হামলা চালাতে প্ররোচিত করা হচ্ছে।
বিজিবির দাবি, একটি রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জড়িয়ে এ ধরনের গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চলছে। গোপালগঞ্জের মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে প্ররোচিত করাই এসব গুজবের উদ্দেশ্য বলে মনে করছে বাহিনীটি।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, গোপালগঞ্জ জেলা প্রশাসনের চাহিদা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বর্তমানে সেখানে বিজিবির দুই ব্যাটালিয়ন সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছেন তারা।
এ ছাড়া জেলা প্রশাসন, এসআরবি, আনসার ও পুলিশের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, গোপালগঞ্জে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। কেউ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হলে বিধি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে সাধারণ শান্তিপ্রিয় মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেছে বাহিনীটি।
সময়ের আলো/এসএকে