পুরোনো অনিয়মেরই পুনরাবৃত্তি

রফিকুল ইসলাম সবুজ

জাতীয়

বদলি-বাণিজ্য বন্ধ ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে জমকালো আয়োজনের মধ্য দিয়ে লটারিতে গণপূর্ত অধিদফতরের প্রকৌশলীদের বদলি করা হয়েছিল। তবে সেই

2026-11-23T03:08:41+00:00
2026-11-23T03:08:41+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
জাতীয়
পুরোনো অনিয়মেরই পুনরাবৃত্তি
রফিকুল ইসলাম সবুজ
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:০৮ এএম 
ছবি : সংগৃহীত
বদলি-বাণিজ্য বন্ধ ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে জমকালো আয়োজনের মধ্য দিয়ে লটারিতে গণপূর্ত অধিদফতরের প্রকৌশলীদের বদলি করা হয়েছিল। তবে সেই উদ্যোগের বাস্তবায়নেই দেখা দিয়েছে নানা অনিয়ম ও অসংগতি। লটারির মাধ্যমে বদলির প্রজ্ঞাপন জারির পর প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে একের পর এক আদেশে কর্মকর্তাদের দায়িত্ব হস্তান্তরের সময়সীমা বাড়ানো হয়েছে। 

কাউকে দেওয়া হয়েছে দুই মাসেরও বেশি সময়। আবার লটারিতে বদলি হওয়া একাধিক প্রকৌশলীকে পছন্দের কর্মস্থলে নতুন করে পদায়ন ও অতিরিক্ত দায়িত্ব দেওয়ার ঘটনাও ঘটেছে। বিশেষ করে নির্বাহী প্রকৌশলীদের দায়িত্ব হস্তান্তরের সময়সীমা দফায় দফায় বৃদ্ধি এবং নতুন পদায়ন ও অতিরিক্ত দায়িত্ব দেওয়ার ঘটনায় প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। 

এসব সিদ্ধান্তের জেরে কয়েকটি কর্মস্থলে দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এমনকি দুটি বিভাগে একই সময়ে দুজন নির্বাহী প্রকৌশলী দায়িত্ব পালন করেছেন। ফলে বদলি-বাণিজ্য বন্ধে মন্ত্রণালয়ের নেওয়া উদ্যোগের কার্যকারিতা নিয়েই এখন প্রশ্ন উঠেছে।

গত ১৩ অক্টোবর সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে লটারির মাধ্যমে গণপূর্ত অধিদফতরের ১৫৫ জন নির্বাহী প্রকৌশলীকে একযোগে বদলি ও পদায়ন করা হয়। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী লটারি ব্যবস্থার উদ্বোধন করে বলেন, গণপূর্ত অধিদফতরকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে সরকারের নীতি ‘জিরো টলারেন্স’ এবং এই লটারির মূল উদ্দেশ্যই হলো বছরের পর বছর ধরে চলা বদলি-বাণিজ্য চিরতরে বন্ধ করা। এর আগে বিভিন্ন ধাপে এক হাজার ৪৩০ জন উপ-সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি করা হয়েছিল। সব মিলিয়ে এক হাজার ৫৮৫ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি করা হয়।

লটারিতে বদলিকৃত কর্মকর্তাদের নির্ধারিত সময়ে নতুন কর্মস্থলে যোগদানের কড়া নির্দেশ থাকলেও প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে কর্মকর্তাদের দায়িত্ব হস্তান্তরের নির্ধারিত সময়সীমা দফায় দফায় বাড়ানো হয়। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গণপূর্ত ই/এম কাঠের কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী জুবায়ের বিন হায়দারকে দুই দফায় দেড় মাস সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে এই কর্মকর্তা একটা বড় অঙ্কের বিল ঠিকাদারদের ছাড় করার সুযোগ পেয়েছেন। একই সঙ্গে এই পদে বদলি হওয়া প্রকৌশলী মো. মোর্শেদ ইকবাল যোগদান করলেও কোনো কাজের দায়িত্বে নেই। 

একইভাবে সংসদ ভবনের দায়িত্বে থাকা শেরেবাংলানগর-১-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজের দায়িত্ব হস্তান্তরের সময় গত ৪ নভেম্বর থেকে বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। ফলে এ পদে লটারিতে বদলিকৃত সংস্থাপন-২-এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান যোগদান করেও দায়িত্ব বুঝে নিতে পারছেন না। নাহিদ পারভেজের দায়িত্ব হস্তান্তরের মেয়াদ বেড়ে যাওয়ায় নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমানকে যোগদান দেখিয়ে সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অধীনে সংযুক্ত রাখা হয়েছে। এতে একই বিভাগে দুই নির্বাহী প্রকৌশলী কর্মরত রয়েছেন।


এ ছাড়া বরগুনার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলমকে ১৫ অক্টোবর বদলির আদেশের পর ২৮ অক্টোবর প্রথম দফায় তার দায়িত্ব হস্তান্তরের মেয়াদ ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এরপর ৮ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে দ্বিতীয় দফায় তার সময়সীমা বাড়িয়ে আগামী ১০ জানুয়ারি, ২০২৭ পর্যন্ত করা হয়। 

অর্থাৎ তার দায়িত্ব হস্তান্তরের সময়সীমা ২ মাসের বেশি বাড়ানো হয়েছে। মাগুরার নির্বাহী প্রকৌশলী মো. আতিকুল ইসলামকে কুড়িগ্রামে বদলি আদেশের পর নির্ধারিত সময় ৮ নভেম্বর থেকে বাড়িয়ে ৮ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত বর্ধিত করা হয়। যশোরের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদুল ইসলামের বদলি আদেশের পর দায়িত্ব হস্তান্তরের সময় ৪ নভেম্বর থেকে বাড়িয়ে ৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত করা হয়। পাবনা থেকে গোপালগঞ্জ জোনে বদলি হওয়া নির্বাহী প্রকৌশলী মো. রাশেদ কবিরের দায়িত্ব হস্তান্তরের নির্ধারিত সময় ১ নভেম্বর থেকে বাড়িয়ে ৩০ নভেম্বর, ২০২৬ করা হয়।

দায়িত্ব হস্তান্তরের সময়সীমা বারবার বাড়ানোর পেছনে কেবল প্রশাসনিক কারণ নয়, বরং মোটা অঙ্কের আর্থিক লেনদেন ও ঠিকাদারি বিল ছাড়ের সুবিধার্থে একটি শীর্ষ প্রভাবশালী চক্রের সরাসরি হাত রয়েছে বলে গুঞ্জন উঠেছে। অভিযোগ রয়েছে, এই বর্ধিত সময়ের মধ্যে ঠিকাদারদের বড় অঙ্কের বিল ছাড় করার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে।

এদিকে লটারির নির্দেশ গুঁড়িয়ে নতুন পদায়ন ও অতিরিক্ত দায়িত্ব দেওয়ার ঘটনাও ঘটেছে। নভেম্বর মাসের ২০ দিনে  অন্তত ৪০ জন প্রকৌশলীকে নতুন করে পদায়ন ও অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে। এর মধ্যে নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব-ওএসডি) শারমিন আক্তারকে আরবরিকালচার গণপূর্ত বিভাগের ‘প্রধান বৃক্ষ পালনবিদ’ হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া সহকারী প্রকৌশলী (উন্নয়ন, ঢাকা) বিধান চন্দ্র শীলকে মূল পদে বহাল রেখে নরসিংদী গণপূর্ত উপ-বিভাগ-১-এর অতিরিক্ত দায়িত্ব ও সহকারী প্রকৌশলী (পেকু সার্কেল, ঢাকা) মো. জাহিদুর রহমানকে পেকু সার্কেল থেকে টাঙ্গাইল গণপূর্ত সার্কেলে পদায়ন করে টাঙ্গাইল উপ-বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সহকারী প্রকৌশলী (মুন্সীগঞ্জ) মুহাম্মদ আলমগীর হোসেনকে রাজশাহী গণপূর্ত জোনে পদায়ন করে নওগাঁ উপ-বিভাগ-১-এর অতিরিক্ত দায়িত্ব এবং সহকারী প্রকৌশলী (পেকু বিভাগ, ঢাকা) মোহাম্মদ গোলাম রব্বানীকে ফরিদপুর গণপূর্ত বিভাগে পদায়ন করে মাদারীপুর উপ-বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। 

এ ছাড়া গত ১২ ও ১৫ নভেম্বর পৃথক প্রজ্ঞাপনে ১৯ জন উপ-সহকারী প্রকৌশলীকে এবং ১০ জন উপ-বিভাগীয় প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে।

একের পর এক প্রজ্ঞাপন দিয়ে সময়সীমা বৃদ্ধি এবং লটারির নির্ধারিত স্থানের পরিবর্তে অতিরিক্ত দায়িত্ব ও নতুন পদায়নে ক্ষুব্ধ অনেক কর্মকর্তা। তাদের মতে, এভাবে বদলির মূল উদ্দেশ্যকে অকার্যকর করে দেওয়া হয়েছে। তারা বলছেন, লটারির স্বচ্ছতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুরোনো আমলাতান্ত্রিক ও লেনদেনের কাঠামোকেই ঘুরিয়ে সচল রাখা হয়েছে।


এ বিষয়ে গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীকে ফোন করলে তিনি কল রিসিভ করেননি। তবে এ বিষয়ে অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) মুহাম্মদ সারওয়ার জাহান সময়ের আলোকে বলেন, লটারির মাধ্যমে পদায়নের পর কয়েকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের মতামত নিয়ে নতুন করে পদায়ন করা হয়েছে। একই ভাবে বিভিন্ন প্রয়োজন বিবেচনায় কয়েকজন প্রকৌশলীর যোগদানের সময়ও বাড়ানো হয়েছে।

তিনি বলেন, শেরেবাংলানগর-১ সংসদ ভবন এলাকায় হওয়ায় সংসদ অধিবেশন সামনে রেখে সেখানে আগে থেকে দায়িত্ব পালন করা প্রকৌশলীকে বহাল রাখা হয়েছে। নতুন করে বদলি হওয়া প্রকৌশলীকে প্রশিক্ষণার্থী হিসেবে যোগদানের সুযোগ দেওয়া হয়েছে, যাতে সংসদ অধিবেশন চলাকালে তিনি সরেজমিন কাজের ধরন ও দায়িত্ব সম্পর্কে ধারণা নিতে পারেন। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হয়নি বলে দাবি করেন তিনি।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   অনিয়ম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: