সশস্ত্র বাহিনীর ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সশস্ত্র বাহিনীর সদস্যদের মূল বেতন, বিভিন্ন ভাতা ও অবসরকালীন সুযোগ-সুবিধা পুনর্নির্ধারণ করে পৃথক নির্দেশনা জারি করেছে সরকার। জাতীয় বেতন স্কেল

2026-11-23T04:32:48+00:00
2026-11-23T04:32:48+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
জাতীয়
সশস্ত্র বাহিনীর ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি
ধাপে ধাপে বাড়বে মূল বেতন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:৩২ এএম 
ছবি : সংগৃহীত
সশস্ত্র বাহিনীর সদস্যদের মূল বেতন, বিভিন্ন ভাতা ও অবসরকালীন সুযোগ-সুবিধা পুনর্নির্ধারণ করে পৃথক নির্দেশনা জারি করেছে সরকার। জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আলোকে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের জন্য রোববার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। নতুন কাঠামোয় বাহিনীপ্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা এবং একজন সৈনিকের ২১ হাজার ৪০০ টাকা। ধাপে ধাপে বাড়িয়ে ২০২৭ সালের ১ জুলাই থেকে পূর্ণ হারে নতুন মূল বেতন কার্যকর হবে।

এর আগে সরকারি চাকরিজীবীদের নবম বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রায় দুই মাস পর যৌথ বাহিনীর জন্য পৃথক নির্দেশনা প্রকাশ করা হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা নয়, প্রতিরক্ষা-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জারি করা এ নির্দেশনায় কমিশন্ড অফিসার, এএফএনএস কর্মকর্তা, ক্যাডেট, মিডশিপম্যান, ফ্লাইট ক্যাডেট, অনারারি কমিশন্ড অফিসার, জেসিও, জুনিয়র কমিশন্ড পদবির সদস্য, রিক্রুট, এনসিও, ধর্মীয় পরামর্শক কর্মকর্তা, এমওডিসি ও সমপর্যায়ের সদস্যদের বেতন-ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার ও সমপর্যায়ের সদস্যদের মূল বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ শতাংশ এবং ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৭০ শতাংশ হারে নির্ধারিত হবে। অন্যদিকে সার্জেন্ট ও সমপর্যায়ের পদ থেকে রিক্রুট এবং অফিসার ক্যাডেটদের ক্ষেত্রে এ হার যথাক্রমে ৫০ ও ৭৫ শতাংশ। ২০২৭ সালের ১ জুলাই থেকে সবাই নতুন কাঠামোয় পূর্ণ মূল বেতন পাবেন।

নতুন নির্দেশনায় আগের জেএসআইয়ের আওতায় দেওয়া বিশেষ সুবিধা ২০২৬ সালের ১ জুলাই থেকে বিলুপ্ত করা হয়েছে। এ সুবিধার আওতায় পাওয়া অর্থ বকেয়া হিসাবের সঙ্গে সমন্বয় করা হবে।


পরিবর্তন আসছে বিভিন্ন ভাতায় : নতুন কাঠামোয় প্রতিরক্ষা সার্ভিস ভাতা জেনারেল পর্যায়ে ৬ হাজার থেকে বাড়িয়ে ৭ হাজার ২০০ টাকা এবং সেকেন্ড লেফটেন্যান্ট পর্যায়ে ৫ হাজার ৫৭৫ থেকে ৬ হাজার ৬৯০ টাকা করা হয়েছে। কিট ভাতা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩২০ টাকা, ব্যাটম্যান ভাতা ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং ডিস্টারব্যান্স ভাতা ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দৈনিক ঝুঁকি ভাতা ১১০ থেকে বাড়িয়ে ১২১ টাকা করা হয়েছে। পাহাড়ি ভাতা হবে মূল বেতনের ২০ শতাংশ।

নতুন করে যুক্ত হয়েছে মোবাইল ভাতা, প্রতিবন্ধী সন্তান ভাতা, হাওড়, দ্বীপ ও চর ভাতা এবং তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা। মেজর ও তদূর্ধ্ব কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ক্যাপ্টেন ও নিচের পদমর্যাদার সদস্যরা ১৫০ টাকা মোবাইল ভাতা পাবেন। প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে, সর্বোচ্চ দুই সন্তানের জন্য। হাওড়, দ্বীপ ও চর এলাকায় কর্মরত সদস্যদের ভাতা হবে মূল বেতনের ২০ শতাংশ, তবে সর্বোচ্চ ৫ হাজার টাকা। রাডার ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরতদের জন্য মাসিক ২ হাজার টাকা তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে।

তবে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধার নতুন হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। এর আগ পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুনে কার্যকর থাকা হারেই ভাতা দেওয়া হবে।

নির্দেশনায় অবসরকালীন সুবিধার বিষয়েও বলা হয়েছে, যেসব সদস্য ২০২৬ সালের ৩০ জুনের আগে অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) শেষ করে ১ জুলাই অবসরে গেছেন, তারা নতুন বেতন নির্ধারণের সুবিধা পাবেন না। তবে তারা শতাংশের ভিত্তিতে পেনশন বৃদ্ধির সুবিধা পাবেন।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   সশস্ত্র বাহিনী  বেতন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: