ছবি : সংগৃহীত মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকার ন্যূনতম মজুরি প্রস্তাব জমা দিয়েছে গত ৯ নভেম্বরের দ্বিতীয় বৈঠকেই। আজ তৃতীয় বৈঠকে ১৫ হাজার টাকার মতো ন্যূনতম মজুরি প্রস্তাব দেবে শিল্প মালিকপক্ষ। উভয়পক্ষের প্রস্তাবের ওপর আলাপ-আলোচনার পর গার্মেন্টস শ্রমিকদের জন্য নতুন মজুরি ঘোষণা করতে আর বেশি সময় নেবে না মজুরি বোর্ড। মজুরির চূড়ান্ত ঘোষণাটি আসতে পারে আগামীকালই।
এদিকে মজুরি নিয়ে শ্রম অসন্তোষের জেরে গত ১৮ দিনে ৩১৭টি কারখানায় ৫ হাজার ৩০৭ কোটি টাকার সরাসরি ক্ষতি হয়েছে। একই সময়ে বাংলাদেশ থেকে অন্য দেশে চলে গেছে ৩ হাজার ১৪৯ কোটি টাকার ক্রয়াদেশ। শিল্প মালিক, মজুরি বোর্ডে শ্রমিক পক্ষের প্রতিনিধি এবং মজুরি বোর্ডের সংশ্লিষ্ট সূত্রে এমনই আভাস মিলেছে।
শ্রমিকপক্ষ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব জমা দিলেও মালিকপক্ষ কত টাকা প্রস্তাব দেয়— সেটি জানতে অধীর আগ্রহে বসে আছেন শ্রমিকরা। একই সঙ্গে চূড়ান্ত মজুরি কত ঘোষণা করা হবে, সে অপেক্ষাতেও আছেন তারা। বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মালিকপক্ষ আজ ১৫ হাজার টাকার কাছাকাছি একটি প্রস্তাব জমা দেবেন।
এক শীর্ষ নেতা গতকাল রোববার নাম প্রকাশ না করার শর্তে সময়ের আলোকে বলেন, ‘ন্যূনতম মজুরির যে প্রস্তাব আমরা বোর্ডে সোমবার জমা দেব সেটি ১৫ হাজার টাকার নিচেই থাকতে পারে। বেশ আগেই আমরা এটি চূড়ান্ত করে রেখেছি।
তারপরও আজ রোববার (গতকাল) দিনভর আমরা দফায় দফায় বৈঠক করেছি নিজেদের মধ্যে। সেখানে আমরা ন্যূনতম মজুরি কত প্রস্তাব করা হবে, অন্যান্য গ্রেডেই বা কত প্রস্তাব করা হবে তার চূড়ান্ত রূপরেখা ঠিক করা হয়েছে। একই সঙ্গে ন্যূনতম মজুরি প্রস্তাব বোর্ডে জমা দেওয়ার পর বোর্ড কত টাকা চূড়ান্ত মজুরি নির্ধারণ করে এবং সেটি কত হলে আমরা মানব— এসব বিষয়েও বিস্তর আলোচনা হয়েছে। অনেক শিল্প মালিক এবং দুই সংগঠনের অনেক নেতাই মতামত দিয়েছেন ন্যূনতম মজুরি কোনোভাবেই ১৬ হাজার টাকার বেশি হতে পারবে না।
মজুরি বোর্ড এর বেশি নির্ধারণ করলে সেটি আমাদের পক্ষে মানা সম্ভব হবে না। তবে অতীতে দেখেছি মজুরি বোর্ড একটা মজুরি প্রস্তাব ঠিক করার পরও সরকারপ্রধান বা প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে কিছুটা বাড়িয়ে চূড়ান্ত মজুরি নির্ধারণ করে দেন। এবারও যদি তেমনটি ঘটে এবং প্রধানমন্ত্রীর তরফ থেকে যদি কোনো প্রস্তাব বা মজুরি ঠিক করে দেওয়া হয়, তখন হয়তো আমাদের আর কিছু বলার থাকবে না। সরকারপ্রধানের প্রস্তাব হিসেবে সেটি হয়তো আমাদের মেনে নিতে হবে। তবে সেটিও যেন ১৬ হাজার খুব বেশি না হয়, তেমনটিই আমাদের প্রত্যাশা থাকবে।’
সার্বিক বিষয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম সময়ের আলোকে বলেন, ‘শ্রমিকপক্ষ থেকে একটা অবাস্তব প্রস্তাব দেওয়া হয়েছে মজুরি বোর্ডে। আমরা তেমন অবাস্তব কোনো প্রস্তাব দেব না। গত তিন বছরে মূল্যস্ফীতির হার ধরে এবং অতীতে যতবার মজুরি বেড়েছে, সেখানে বৃদ্ধির হার কত ছিল, এসব বিষয় যাচাই-বাছাই করেই আমরা বাস্তবভিত্তিক মজুরি প্রস্তাব দেব বোর্ডে। আশা করব উভয় পক্ষের প্রস্তাবের ওপর বোর্ডে বিস্তারিত আলাপ-আলোচনা শেষে সবার জন্য সন্তোষজনক মজুরি চূড়ান্ত করবে মজুরি বোর্ড। আমি যতটা জানি সোমবারের তৃতীয় বৈঠকের পরের দিন অর্থাৎ মঙ্গলবারই (আগামীকাল) চূড়ান্ত মজুরি ঘোষণা করবে মজুরি বোর্ড। কারণ আমরাও চাই সময়ক্ষেপণ না করে দ্রুতই মজুরি চূড়ান্ত করে সেটি ঘোষণা দিক মজুরি বোর্ড।’
এদিকে মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার সময়ের আলোকে বলেন, ‘আমরা আমাদের প্রস্তাব দিয়েছি, এখন মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার পালা। মালিকপক্ষ কত মজুরি প্রস্তাব দেয় তা দেখার অপেক্ষায় আছি। আশা করছি, সোমবারের বৈঠকেই তারা প্রস্তাব জমা দেবেন। আমি আশা করব, আমরা যে প্রস্তাব দিয়েছি, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই মালিকরা প্রস্তাব জমা দেবেন বোর্ডে। তাদের প্রস্তাব জমা দেওয়ার পর মজুরি বোর্ডের চেয়ারম্যানসহ অন্য সদস্যরা সবাই মিলে আলাপ-আলোচনা করে মজুরি চূড়ান্ত করতে পারব বলে আমি আশাবাদী। শুধু তাই নয়, আমি আশা করছি, সোমবারের তৃতীয় বৈঠকেই মজুরি চূড়ান্ত করতে পারব এবং হয়তো এক দিন পরই বোর্ডের পক্ষ থেকে চূড়ান্ত মজুরি ঘোষণা করা হবে।
কারণ আমরা চাই না মজুরি ঘোষণা করতে আর দেরি করা হোক। তবে অতীতের মতো সরকারপ্রধানের পক্ষ থেকে কোনো সুপারিশ বা প্রস্তাব দিয়ে মজুরি চূড়ান্ত করা হয় কি না সেটিও দেখার বিষয় আছে।’
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে— শ্রমমন্ত্রী : এদিকে নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণা সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, গার্মেন্টস খাতে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে। এ সময় আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের একই পরিবেশে দেখতে চান বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার শতভাগ চেষ্টা করছে। তবে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে একটি পক্ষ দেশের পাশাপাশি তৈরি পোশাক খাতকেও ক্ষতিগ্রস্ত করতে চায় বলেও জানান তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী গঠিত মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার।
১৮ দিন লোকসান ৫৩০৭ কোটি টাকার, অর্ডার চলে গেছে ৩১৪৯ কোটির : এদিকে তৈরি পোশাক খাতে চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন বন্ধ থাকা এবং কারখানার ক্ষতি মিলিয়ে ৩১৭টি কারখানার সরাসরি প্রায় ৫,৩০৭ কোটি টাকার (৪২৮ মিলিয়ন মার্কিন ডলার, প্রতি ডলার ১২৪ টাকার হিসাবে) সমপরিমাণ ক্ষতি হয়েছে।
এ ছাড়া এই সময়ে বাংলাদেশ থেকে অন্য দেশে সরে গেছে প্রায় ২৫৪ মিলিয়ন ডলারের, যা টাকার অঙ্কে ৩ হাজার ১৪৯ কোটি টাকার সমপরিমাণ ক্রয়াদেশ। গতকাল রোববার গণমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গত অক্টোবর থেকে পোশাক শ্রমিকরা রাস্তায় নামলেও চলতি মাসের শুরু থেকে অসন্তোষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিজিএমইএ মূলত চলতি মাসের শুরু থেকে হওয়া ক্ষতির চিত্রই তুলে ধরেছে।
ক্ষতির পরিমাণ নিরূপণে ১ থেকে ১৮ নভেম্বর— এই ১৮ দিনে চলা অস্থিতিশীল পরিস্থিতি ও নানা বিঘ্নের কারণে কারখানাগুলো কী পরিমাণ ক্ষতির মুখে পড়েছে, তার তথ্য জানাতে সম্প্রতি সদস্য কারখানাগুলোতে চিঠি দেয় বিজিএমইএ। রোববার পর্যন্ত ৩১৭টি কারখানার কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে এ হিসাব তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
সরাসরি এ ক্ষতির বাইরেও সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ ক্রয়াদেশই এখন চরম ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করেছে বিজিএমইএ। রফতানি আদেশ ধরে রাখতে কারখানাগুলোকে এখন ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড়, এমনকি সরাসরি অর্ডার বাতিলের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে; যা এই হিসাবের মধ্যে আসেনি।
বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়েছে, প্রকৃত ক্ষতির ভয়াবহতা আরও ব্যাপক এবং জরিপে উঠে আসা এই পরিসংখ্যান প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র। সংগঠনটির হিসাব অনুযায়ী প্রকৃত ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬শরও অধিক। অথচ স্বল্প সময়ের এই জরুরি জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে।
তদুপরি, জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ এখনও চলমান। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ এ হিসাবের চেয়েও বেশি বলে জানিয়েছে সংগঠনটি।
শ্রমিকের মজুরি নির্ধারণে ঢাকা-শহরের দারিদ্র্যসীমা বিবেচনার পক্ষে সিপিডি : তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ঢাকা বিভাগের শহরাঞ্চলের দারিদ্র্যসীমা ব্যবহারের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। সংস্থাটি বলেছে, পোশাক শিল্পের বিপুলসংখ্যক শ্রমিক শহর ও শহরসংলগ্ন শিল্পাঞ্চলে বসবাস করেন। তাদের বাসা ভাড়া, খাদ্যসহ দৈনন্দিন প্রয়োজনের অধিকাংশই বাজার থেকে কিনতে হয়। ফলে তাদের জীবনযাত্রার ব্যয় নির্ধারণে শহরাঞ্চলের দারিদ্র্যসীমা ব্যবহার করা যৌক্তিক।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির সাম্প্রতিক প্রস্তাবের বিভিন্ন পদ্ধতিগত দিক নিয়ে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) প্রশ্ন তোলার পর এর জবাব দিয়েছে সংস্থাটি। গতকাল রোববার বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের কাছে পাঠানো এক চিঠিতে এসব ব্যাখ্যা তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
চিঠিতে সিপিডি বলেছে, নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও শিল্পের সক্ষমতা— দুই দিকই বিবেচনায় নিতে হবে। এ জন্য শ্রমিক ও কারখানা উভয় পক্ষের তথ্য নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে বড় পরিসরে নমুনাভিত্তিক জরিপ প্রয়োজন। পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারায় উল্লেখিত জীবনযাত্রার ব্যয়, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, মূল্যস্ফীতি ও ব্যবসার সক্ষমতার মতো বিষয় বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।
এর আগে গত ১৯ নভেম্বর সিপিডির কাছে পাঠানো চিঠিতে নতুন মজুরি কাঠামো নির্ধারণে আঞ্চলিক দারিদ্র্যসীমা, শ্রমিক পরিবারের সদস্যসংখ্যা, বিদ্যমান মজুরি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বিবেচনার পরামর্শ দেয় বিজিএমইএ। সংগঠনটি বিশেষ করে সমগ্র পোশাক শিল্পের জন্য ঢাকা-শহর এলাকার উচ্চ দারিদ্র্যসীমা ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে।
গৃহস্থালি আয় ও ব্যয় জরিপ ২০২২-এর তথ্য উল্লেখ করে বিজিএমইএ বলেছিল, ঢাকা-শহর এলাকায় ব্যয়ের পরিমাণ সর্বোচ্চ হলেও ঢাকা-গ্রাম এলাকার উচ্চ দারিদ্র্যসীমা তুলনামূলক কম, যা ৪ হাজার ২৩৪ টাকা। তাদের মতে, ঢাকা-শহর ও ঢাকা-গ্রাম এলাকার দারিদ্র্যসীমার গড় ৪ হাজার ৫৭৮ টাকা বিবেচনায় নেওয়া অধিক যৌক্তিক হতো।
এর জবাবে সিপিডি বলেছে, ঢাকা-শহরের দারিদ্র্যসীমা শুধু ঢাকা মহানগরের জন্য নির্ধারিত নয়। এটি ঢাকা বিভাগের শহরাঞ্চলের জন্য প্রযোজ্য। ফলে গাজীপুর, নারায়ণগঞ্জসহ ঢাকা বিভাগের শহর হিসেবে শ্রেণিবদ্ধ শিল্পাঞ্চলগুলোর ক্ষেত্রেও এ দারিদ্র্যসীমা প্রাসঙ্গিক। অন্যদিকে গ্রামীণ দারিদ্র্যসীমা ব্যবহার করলে শহরে বসবাসকারী শ্রমিকদের বাসা ভাড়া ও বাজারনির্ভর জীবনযাত্রার ব্যয় যথাযথভাবে প্রতিফলিত হবে না।
তবে শ্রমিকদের বসবাসের এলাকাভিত্তিক তথ্য পাওয়া গেলে দারিদ্র্যসীমার ভারিত গড় ব্যবহার করা যেতে পারে বলে মনে করে সিপিডি। এ ক্ষেত্রে প্রতিটি এলাকায় বসবাসকারী শ্রমিকের সংখ্যার ভিত্তিতে গুরুত্ব নির্ধারণ করতে হবে। বিজিএমইএর সদস্য কারখানাগুলোর এলাকাভিত্তিক শ্রমিকসংখ্যার তথ্য এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সংশ্লিষ্ট এলাকার দারিদ্র্যসীমার তথ্য পাওয়া গেলে এ হিসাব করা সম্ভব হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
পরিবারের সদস্যসংখ্যা নিয়ে ব্যাখ্যা : পরিবারের সদস্যসংখ্যা নিয়েও বিজিএমইএর আপত্তির জবাব দিয়েছে সিপিডি। সংস্থাটি জানিয়েছে, তাদের পর্যালোচনায় একটি শ্রমিক পরিবারের সদস্যসংখ্যা চারজন এবং উপার্জনকারী সদস্য ১ দশমিক ৫৮ জন ধরা হয়েছে। বিভিন্ন প্রকাশিত গবেষণার তথ্যের মধ্যমান (মিডিয়ান) ব্যবহার করে এ হিসাব করা হয়েছে।
সিপিডির ব্যাখ্যা অনুযায়ী বিবিএসের গৃহস্থালি আয় ও ব্যয় জরিপ ২০২২ অনুসারে শহরাঞ্চলে পরিবারের গড় সদস্যসংখ্যা ৪ দশমিক ১৮ জন। জাতীয় পর্যায়ে এ সংখ্যা ৪ দশমিক ২৬ জন। অন্যদিকে বিজিএমইএর প্রস্তাব অনুযায়ী বিবিএসের আর্থ-সামাজিক ও জনমিতিক জরিপ (এসইডিএস) ২০২৩-এর ৩ দশমিক ৯৬ জন সদস্যসংখ্যা ব্যবহার করলেও মজুরির হিসাবে বড় পরিবর্তন হবে না। অন্য সব অনুমান অপরিবর্তিত রেখে পরিবারের সদস্যসংখ্যা চারজনের পরিবর্তে ৩ দশমিক ৯৬ জন ধরলে দারিদ্র্যসীমাভিত্তিক মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে কমে ১৮ হাজার ৩৯২ টাকা হবে। অর্থাৎ পার্থক্য মাত্র ১৮৬ টাকা।
এ ছাড়া পরিবারের উপার্জনকারী সদস্যসংখ্যা ১ দশমিক ৫৮ জন ধরার পেছনেও যুক্তি তুলে ধরেছে সংস্থাটি। তাদের পর্যালোচনায় বিভিন্ন গবেষণায় এ সংখ্যা ১ দশমিক ৩৭ থেকে ২ দশমিক ১০ জনের মধ্যে পাওয়া গেছে। উচ্চতর মানগুলোর প্রভাব কমাতে মধ্যমান ব্যবহার করা হয়েছে। সিপিডির দাবি, মজুরির হিসাব ইচ্ছাকৃতভাবে বাড়ানোর জন্য এ অনুমান নেওয়া হয়নি।
বাসা ভাড়া দুবার গণনার অভিযোগ নাকচ : খাদ্যবহির্ভূত ব্যয়ের সঙ্গে বাসা ভাড়া যোগ করায় একই ব্যয় দুবার গণনার যে আশঙ্কা বিজিএমইএ জানিয়েছিল, সেটিও নাকচ করেছে সিপিডি। সংস্থাটি বলেছে, বিবিএসের খাদ্যবহির্ভূত ব্যয়ের হিসাব থেকে ঘর ভাড়া এবং খাদ্য ব্যয়ের হিসাব থেকে তামাকের খরচ বাদ দিয়ে অপরিহার্য ব্যয় নির্ধারণ করা হয়েছে। পোশাক, ইউটিলিটি, শিক্ষা, যাতায়াত, ব্যক্তিগত পরিচর্যা ও যোগাযোগের মতো খাত এতে অন্তর্ভুক্ত ছিল। ফলে আবাসন ব্যয় দুবার গণনার সুযোগ নেই।
বার্ষিক মজুরি বৃদ্ধি নিয়েও নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে সিপিডি। সংস্থাটি বলেছে, ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করা হয়েছে। এতে বিদ্যমান শ্রমিকদের মজুরি বেড়েছে। তবে বার্ষিক মজুরি বৃদ্ধি ও নতুন শ্রমিকের জন্য নির্ধারিত ন্যূনতম মজুরি এক বিষয় নয়। বর্তমান কাঠামোয় সর্বনিম্ন গ্রেডে নতুন যোগদানকারী শ্রমিকের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। বার্ষিক মজুরি বৃদ্ধির কারণে বিদ্যমান শ্রমিকদের মজুরি বাড়লেও নতুন শ্রমিকের নির্ধারিত ন্যূনতম মজুরির অঙ্ক পরিবর্তিত হয়নি।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে