পুরোনো সোনা বিক্রি ও বদলে বাড়তি টাকা পাবেন গ্রাহকেরা

সময়ের আলো ডেস্ক

বিজনেস

পুরোনো সোনার অলংকার বিক্রি কিংবা বদলে নতুন অলংকার কেনার ক্ষেত্রে গ্রাহকদের সুবিধা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এখন থেকে পুরোনো

2026-11-22T10:11:23+00:00
2026-11-22T10:43:37+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
বিজনেস
পুরোনো সোনা বিক্রি ও বদলে বাড়তি টাকা পাবেন গ্রাহকেরা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:১১ এএম  আপডেট: ২২.১১.২০২৬ ১০:৪৩ এএম
পুরোনো সোনা বিক্রি ও বদলে বাড়তি টাকা পাবেন গ্রাহকেরা । ছবি : সংগৃহীত
পুরোনো সোনার অলংকার বিক্রি কিংবা বদলে নতুন অলংকার কেনার ক্ষেত্রে গ্রাহকদের সুবিধা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এখন থেকে পুরোনো অলংকারের ওজন বাবদ আগের চেয়ে কম পরিমাণ সোনা বাদ দিয়ে মূল্য নির্ধারণ করা হবে। এতে পুরোনো অলংকার বিক্রিতে বেশি টাকা পাওয়ার পাশাপাশি নতুন অলংকার কেনার সময়ও সাশ্রয় হবে গ্রাহকদের।

শনিবার (২১ নভেম্বর) বাজুসের কার্যালয়ে অনুষ্ঠিত সমিতির পরিচালনা পর্ষদের সভায় সোনার অলংকার ক্রয় ও বদল নীতিমালায় এ পরিবর্তন আনা হয়। পরে সমিতির সভাপতি এনামুল হক খান সদস্যদের কাছে পাঠানো এক জরুরি নোটিশে বিষয়টি জানান। রোববার (২২ নভেম্বর) থেকে নতুন এ নিয়ম কার্যকর হচ্ছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুরোনো সোনার অলংকার বদলে নতুন অলংকার কিনতে গেলে আগের নিয়মে ১২ শতাংশের পরিবর্তে ৯ শতাংশ ওজন বাদ দিয়ে মূল্য নির্ধারণ করা হবে। অর্থাৎ, এক ভরি ওজনের ২১ ক্যারেটের পুরোনো অলংকার বদলে একই ওজনের নতুন অলংকার কিনতে গেলে এখন মূল্য নির্ধারণে ৯ শতাংশ ওজন বাদ দেওয়া হবে। এতে, পুরোনো অলংকারের মূল্য দাঁড়াবে ১ লাখ ৭৩ হাজার ৮১৬ টাকা। আগের নিয়মে ১২ শতাংশ বাদ দেওয়ায় মূল্য নির্ধারিত হতো ১ লাখ ৬৮ হাজার ১৭৩ টাকা। ফলে, নতুন নিয়মে ক্রেতার সাশ্রয় হবে ৫ হাজার ৬৪৩ টাকা।

অন্যদিকে, পুরোনো সোনার অলংকার সরাসরি বিক্রির ক্ষেত্রেও বাড়ছে গ্রাহকদের প্রাপ্ত অর্থের পরিমাণ। এত দিন পুরোনো অলংকারের বর্তমান ওজন থেকে ১৮ শতাংশ বাদ দিয়ে মূল্য নির্ধারণ করা হতো। নতুন নিয়মে তা কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

বাজুসের দেওয়া হিসাব অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি ওজনের পুরোনো অলংকার বিক্রি করলে শনিবার (২১ নভেম্বর) পর্যন্ত পাওয়া যেত ১ লাখ ৬৪ হাজার ৯৪০ টাকা। রোববার (২২ নভেম্বর) থেকে একই অলংকার বিক্রি করলে পাওয়া যাবে ১ লাখ ৭০ হাজার ৯৭৪ টাকা। অর্থাৎ, নতুন নিয়মে গ্রাহক ৬ হাজার ৩৪ টাকা বেশি পাবেন।

এ বিষয়ে বাজুসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে ক্রেতারা আগের চেয়ে বেশি লাভবান হবেন।


এদিকে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম ধারাবাহিকভাবে কমছে। এর প্রভাবে, চলতি মাসে দেশের বাজারে আট দফায় প্রতি ভরি সোনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। এর মধ্যে গত শুক্রবার এক দিনেই দাম কমেছে প্রায় ১১ হাজার টাকা, যা এক দিনে সর্বোচ্চ দরপতন। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। গত ১৩ মাসের মধ্যে এটিই দেশের বাজারে সোনার সর্বনিম্ন দাম।

বিশ্লেষকদের মতে, মূলত দুটি কারণে আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দাম কমছে। এর একটি হলো, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বর মাসে সুদের হার বাড়াতে পারে- বাজারে এমন প্রত্যাশা তৈরি হয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রাবাজারে শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার। এ দুই কারণে মূল্যবান ধাতুর ওপর চাপ তৈরি হয়েছে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   পুরোনো সোনা  বিক্রি ও বদলে  বাড়তি টাকা  পাবেন  গ্রাহকেরা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: