প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:০৩ এএম
সংগৃহীত ছবিদেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের সক্রিয়তা বাড়ার ইঙ্গিত মিলেছে লেনদেন ও সূচকের উত্থানে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ২০০ কোটি টাকা। প্রায় সাড়ে তিন মাস পর এক দিনে এত বেশি লেনদেন হলো বাজারটিতে। পাশাপাশি প্রধান মূল্যসূচক বেড়েছে ৫৯ পয়েন্ট। দুই স্টক এক্সচেঞ্জেই টানা পাঁচ কার্যদিবস ধরে ঊর্ধ্বমুখী রয়েছে সূচক।
রোববার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১২টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত ছিল ৫৬টির দাম।
দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ২২০ কোটি ১৪ লাখ টাকা। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ৭৪৬ কোটি ৬৩ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪৭৩ কোটি ৫১ লাখ টাকা। এর আগে গত ২ আগস্ট বাজারটিতে ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে উঠে এসেছে— আইপিডিসি ফাইন্যান্স, মালেক স্পিনিং, সায়হাম টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, প্রাইম ব্যাংক, একমি পেস্টিসাইড, সিটি ব্যাংক ও এনভয় টেক্সটাইল।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির দাম বেড়েছে, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত ছিল ২০টির। বাজারটির সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৫৩ পয়েন্ট। তবে লেনদেন কমে ২০ কোটি ৫৭ লাখ টাকায় দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে যা ছিল ২৫ কোটি ৪৩ লাখ টাকা।
সময়ের আলো/কেএইচও