বাংলাদেশের তুলনায় বিশ্বের বেশ কয়েকটি দেশে কম দামে স্বর্ণ কেনার সুযোগ রয়েছে। সংগৃহীত ছবি বাংলাদেশের তুলনায় বিশ্বের বেশ কয়েকটি দেশে কম দামে স্বর্ণ কেনার সুযোগ রয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, হংকং ও সিঙ্গাপুরের মতো বাজারে করব্যবস্থা, ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা এবং সরবরাহব্যবস্থার কারণে স্বর্ণের দাম তুলনামূলক কম।
তবে সব দেশে একই মানের স্বর্ণের দাম এক নয়। স্থানীয় কর, গয়না তৈরির মজুরি এবং মুদ্রার বিনিময় হারের কারণে দেশভেদে দামের পার্থক্য দেখা যায়। বাংলাদেশে আজ রোববার ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।
একই দিনে দুবাইয়ে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম ৩৯৫ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫৬ হাজার ৪১৯ টাকা। অর্থাৎ বাংলাদেশের তুলনায় দাম প্রায় ৪০ হাজার টাকা কম। দুবাই ছাড়াও আরও কয়েকটি দেশে তুলনামূলক কম দামে স্বর্ণ কেনা যায়।
সংযুক্ত আরব আমিরাত
স্বর্ণ কেনার জন্য বিশ্বজুড়ে পরিচিত একটি গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই। সেখানে আন্তর্জাতিক বাজারদরের তুলনায় কম দামে ২৪ ক্যারেট স্বর্ণ কেনার সুযোগ রয়েছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৫৬ হাজার ৯৩৮ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ৫ শতাংশ ভ্যাট দিতে হয়।
হংকং
হংকংয়ে স্বর্ণ কেনার ক্ষেত্রে ভ্যাট বা বিক্রয়কর দিতে হয় না। এ কারণে বিনিয়োগের উদ্দেশ্যে স্বর্ণের বার ও কয়েন কেনা তুলনামূলক সাশ্রয়ী। আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী, সেখানে প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৫ হাজার ৮৯০ টাকা।
সিঙ্গাপুর
সিঙ্গাপুরে বিনিয়োগের উপযোগী স্বর্ণের বার ও কয়েনের ক্ষেত্রে কোনো জিএসটি বা আমদানি শুল্ক নেই। ফলে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে স্বর্ণ কেনা সম্ভব। দেশটিতে প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা।
সুইজারল্যান্ড
সুইজারল্যান্ডে বিনিয়োগযোগ্য স্বর্ণের বার ও কয়েন কেনার ক্ষেত্রে ভ্যাট প্রযোজ্য নয়। ফলে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে স্বর্ণ কেনা যায়। দেশটিতে প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৫ হাজার ১২২ টাকা। তবে স্বর্ণের গয়না কিনলে ৮ দশমিক ১ শতাংশ ভ্যাট দিতে হয়।
যুক্তরাজ্য
যুক্তরাজ্যে বিনিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতার স্বর্ণের বার ও কয়েন ভ্যাটমুক্ত। এ কারণে বিনিয়োগকারীরা আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে স্বর্ণ কেনার সুযোগ পান। দেশটিতে প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা।
যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বিনিয়োগের উপযোগী স্বর্ণের বার ও কয়েনের ওপর সাধারণত কেন্দ্রীয় পর্যায়ে কোনো বিক্রয়কর নেই। তবে অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনের নিয়ম অনুযায়ী বিক্রয়কর আরোপ হতে পারে। আন্তর্জাতিক বাজারদরের হিসাবে দেশটিতে প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৫ হাজার ৬৮ টাকা।
জার্মানি
জার্মানিতে বিনিয়োগের জন্য নির্ধারিত স্বর্ণের বার ও কয়েন ভ্যাটমুক্ত। ফলে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে ২৪ ক্যারেট স্বর্ণ কেনা সম্ভব। সেখানে প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ১৯ শতাংশ ভ্যাট প্রযোজ্য।
তবে বিদেশে স্বর্ণের দাম কম হলেই সেখান থেকে কিনে দেশে আনা লাভজনক হবে, এমনটা নিশ্চিত নয়। কেনার আগে আন্তর্জাতিক বাজারদর, স্থানীয় কর, গয়না তৈরির মজুরি, মুদ্রার বিনিময় হার এবং দেশে স্বর্ণ আনার ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক বিবেচনায় নিতে হবে। এসব খরচ যোগ হলে তুলনামূলক কম দামে কেনা স্বর্ণের প্রকৃত খরচ অনেক বেড়ে যেতে পারে।
সময়ের আলো/ইউএমএইচ