প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:২৯ এএম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি : সংগৃহীতবিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে তার বাংলাদেশে আসার প্রস্তুতি চলছে।
সূত্র জানায়, সফরের বিস্তারিত এখনই জানানো সম্ভব হচ্ছে না। তবে শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন আনোয়ার ইব্রাহিম। বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য গত জুনে মালয়েশিয়াকে বেছে নিয়েছিলেন তারেক রহমান। ওই সফরে তিনি চীনেও যান। গত ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।
বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, উচ্চপর্যায়ের সফর, নিয়মিত সংলাপ ও যোগাযোগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় জোরদার করতে একমত হয়েছেন দুই প্রধানমন্ত্রী। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়েও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তারা। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যৌথ কমিশনের সভা (জেসিএম) এবং দ্বিপক্ষীয় সংলাপ দ্রুত আয়োজনের বিষয়েও গুরুত্ব দেন দুই নেতা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে যেসব বিষয়ে আলোচনা হয়েছিল, আনোয়ার ইব্রাহিমের এবারের সফরে সেগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হবে।
এ ছাড়া মালয়েশিয়ায় জনশক্তি রফতানি ও বাংলাদেশি কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনার এজেন্ডায় থাকতে পারে।
এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
সময়ের আলো/এসএকে