পর্দার ঝলমলে উপস্থিতির বাইরে নিজেকে কতটা স্বাভাবিক রাখা যায়- সেই প্রশ্নেই যেন নতুন করে ভাবতে শুরু করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সাম্প্রতিক সময়ে তার সাজগোজ নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা তৈরি হলেও, বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন তিনি নিজেই।
একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ফারিণ জানিয়েছেন, ছোটবেলা থেকেই তিনি খুব সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। মেকআপের প্রতি আলাদা কোনো আগ্রহ ছিল না তার। বরং প্রয়োজন ছাড়া সাজগোজ না করাই ছিল তার স্বাভাবিক অভ্যাস।
তার ভাষায়, শৈশবে সাজ বলতে মাঝেমধ্যে মায়ের লিপস্টিক ব্যবহার করা ছাড়া তেমন কিছুই ছিল না। দৈনন্দিন জীবনে তিনি বরাবরই কমফোর্টকে প্রাধান্য দিয়েছেন, যেখানে মেকআপের উপস্থিতি ছিল প্রায় অনুপস্থিত।
আরও পড়ুন
অভিনয়জগতে প্রবেশের পর অবশ্য পরিস্থিতি বদলায়। পেশাগত কারণে বিভিন্ন ধরনের লুক ও মেকআপে নিজেকে উপস্থাপন করতে হয়েছে তাকে। তবে ব্যক্তিগত জীবনে তিনি এখনও সরলতাকেই বেশি গুরুত্ব দেন।
ফারিণ জানান, নতুন নতুন স্টাইল চেষ্টা করতে আপত্তি নেই তার, কিন্তু সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তখনই, যখন তিনি একেবারে স্বাভাবিক বা হালকা মেকআপে থাকেন। এমনকি বাইরে ঘুরতে যাওয়ার সময়ও তিনি মেকআপ এড়িয়ে চলতেই পছন্দ করেন।
তবে এই অনুভূতির সঙ্গে পেশাগত চাহিদার দ্বন্দ্বের কথাও তুলে ধরেন তিনি। শুটিং বা কাজের জায়গায় নিজেকে নিখুঁতভাবে উপস্থাপনের চাপ থাকে- যা অনেক সময় নিজের স্বাভাবিক সত্তার সঙ্গে মেলে না। তাই এখন থেকে নিজের ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবেই নিজেকে উপস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।
এএডি/