মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জনপ্রিয় লেট-নাইট শো হোস্ট জিমি কিমেলের কড়া সমালোচনা করেছেন। ওয়াশিংটনে হিলটন হোটেলে গত শনিবারের হামলার মাত্র কয়েকদিন আগে কিমেল এক কৌতুক অনুষ্ঠানে মেলানিয়াকে ‘সম্ভাব্য বিধবা’ বলে সম্বোধন করেন। এই মন্তব্যকে অত্যন্ত বিদ্বেষপূর্ণ ও সহিংস আখ্যা দিয়ে কিমেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবিসি নেটওয়ার্কের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনার নিয়ে প্যারোডি করার সময় কিমেল বলেন, ‘আমাদের ফার্স্ট লেডি মেলানিয়া এখানে আছেন। মেলানিয়াকে দেখুন, কত সুন্দর। মিসেস ট্রাম্প, আপনার চেহারায় একজন সম্ভাব্য বিধবার মতো আভা ফুটে উঠছে।’
উল্লেখ্য, এই মন্তব্যের দুদিন পরই শনিবার রাতে ওই ডিনার অনুষ্ঠানে সস্ত্রীক ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটে। কোল টমাস অ্যালেন নামে এক বন্দুকধারী নিরাপত্তা বেষ্টনী ভেঙে গুলি চালালে একজন সিক্রেট সার্ভিস এজেন্ট আহত হন। এই ঘটনার পর কিমেলের ওই মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার মুখে পড়ে।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মেলানিয়া ট্রাম্প বলেন, কিমেলের মতো মানুষের প্রতি রাতে আমাদের ড্রয়িংরুমে বসে ঘৃণা ছড়ানোর সুযোগ থাকা উচিত নয়। তার এই মনোলোগ কোনো কৌতুক নয়; এটি বরং আমেরিকার রাজনৈতিক অসুস্থতাকে আরও গভীর করছে। এবিসি কর্তৃপক্ষ আর কতদিন কিমেলের এমন জঘন্য আচরণকে প্রশ্রয় দেবে সেই প্রশ্নও তোলেন তিনি।
অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ কিমেলকে অবিলম্বে বরখাস্ত করার দাবি তুলেছেন। কিমেলের এই মন্তব্যকে তিনি সহিংসতার উসকানি হিসেবে বর্ণনা করে বলেন, ডিজনী ও এবিসি নেটওয়ার্কের উচিত তাকে এখনই বিদায় করা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও কিমেলের বক্তব্যকে উন্মাদনাপূর্ণ বলে নিন্দা জানিয়েছেন।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে কনজারভেটিভ ইনফ্লুয়েন্সার চার্লি কার্কের মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে জিমি কিমেলকে সাময়িকভাবে সম্প্রচারের বাইরে রাখা হয়েছিল। তবে এক সপ্তাহ পরই তিনি আবার শো-তে ফিরে আসেন। বর্তমান ঘটনায় এবিসি নেটওয়ার্কের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
শনিবারের ওই হামলার ঘটনায় গ্রেফতার হওয়া কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে সোমবার আদালতে প্রেসিডেন্টকে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। হামলার সময় মেলানিয়া ও ট্রাম্প অক্ষত থাকলেও প্রেসিডেন্ট পরে সাংবাদিকদের জানিয়েছেন, এই ঘটনাটি তার স্ত্রীর জন্য অত্যন্ত ট্রমাটিক বা বেদনাদায়ক ছিল।
/ট্রাম্প