নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি আনারস বোঝাই পিকআপ ভ্যান ও অজ্ঞাত গাড়ির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পিকআপ ভ্যানের চালক এবং অন্যজন ফল ব্যবসায়ী।
শুক্রবার (১ মে) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ত্রিপরদী এলাকায় চৈতি গার্মেন্টসের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, বরিশালের মুলাদী থানার সেকান্দার আলীর ছেলে পিকআপ ভ্যানচালক মোহাম্মদ আলী এবং খাগড়াছড়ির মানিকছড়ি এলাকার খালেক খলিফার ছেলে ফল ব্যবসায়ী মনির হোসেন।
ওসি শামিম আহমেদ জানান, আনারস বোঝাই পিকআপ ভ্যানটি ঢাকা অভিমুখে যাচ্ছিলো। ত্রিপরদী এলাকায় পৌঁছালে সামনে থাকা অপর একটি অজ্ঞাত চলন্ত গাড়ির পেছনে পিকআপ ভ্যানটি সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা চালক ও ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করেন। পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।