আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সকল স্তরে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার চায় তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে। সেই লক্ষ্যেই আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব কটি ধাপের নির্বাচন শেষ করার সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।
ডিসিদের সঙ্গে আলোচনার বিষয়ে মির্জা ফখরুল জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের অন্যতম শক্তিশালী স্তম্ভ। তৃণমূলের এই প্রতিষ্ঠানগুলো যত শক্তিশালী হবে, দেশের গণতন্ত্র ও রাষ্ট্রকাঠামো ততটাই সুসংহত হবে। সরকারের উন্নয়ন কর্মসূচিগুলো বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে জনগণকে সম্পৃক্ত করার জন্য তিনি জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান।
বিগত সরকারের সমালোচনা করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গত ১৬ বছরে স্থানীয় সরকার খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে, যার ফলে অবকাঠামোগত উন্নয়ন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে রাস্তাঘাট, পানি সরবরাহ ও প্রাথমিক শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে দুর্নীতির যে চিত্র সামনে এসেছে, তা মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে তদন্ত করবে। ভবিষ্যতে যেন এই ধরনের অনিয়ম আর না ঘটে, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
মন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এই ধরনের মতবিনিময় সরকারের কর্মসূচিগুলোকে আরও গতিশীল করবে।
/কহু