পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করতে এক অনন্য নজির স্থাপন করলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) অন্যতম শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ। বেদে সমাজে শিক্ষা থেকে ঝরে পড়া ঠেকাতে নিজের সংসদ সদস্য পদের প্রথম মাসের পুরো বেতন শিক্ষার্থীদের বৃত্তির জন্য উৎসর্গ করেছেন তিনি।
শুক্রবার (৮ মে) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই মহতী উদ্যোগের কথা জানান।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ হওয়া সত্ত্বেও বেদে জনগোষ্ঠীর মাঝে শিক্ষার হার অত্যন্ত নগণ্য। বিশেষ করে প্রাথমিকের পরেই সিংহভাগ শিক্ষার্থী ঝরে পড়ে, যার হার নারী শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি। তাদের সুস্বাস্থ্য ও শিক্ষার বিষয়টি দীর্ঘকাল ধরে উপেক্ষিত।
এই সংকট নিরসনে তিনি তার প্রথম মাসের বেতন থেকে বেদে সমাজের ৩৪ জন শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছেন। কেবল প্রাথমিক বা মাধ্যমিক নয়, বেদে জনগোষ্ঠীর নারী শিক্ষার্থীরা যাতে উচ্চশিক্ষার আঙিনায় পৌঁছাতে পারে, সেজন্য তিনি বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি উল্লেখ করেন, যেসব নারী শিক্ষার্থী মাধ্যমিক শেষ করে উচ্চমাধ্যমিকে ভর্তি হতে আগ্রহী, তাদের পড়াশোনা চালিয়ে নিতে প্রতি মাসে নিয়মিত বৃত্তি প্রদানের নিশ্চয়তা দেওয়া হয়েছে।
/কহু