বাংলাদেশ ও ভারতের মধ্যকার নৌ সহযোগিতা এবং পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে তিন দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘সুনায়না’।
শুক্রবার (৮ মে) জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভিড়লে নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার জাহাজটির অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের উষ্ণ অভ্যর্থনা জানান।
এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে স্বাগত জানায়। এর আগে ভারতীয় জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘আলী হায়দার’ সেটিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানিয়ে বন্দরে নিয়ে আসে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই সফরের মূল উদ্দেশ্য হলো দুই বন্ধুপ্রতিম দেশের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করা। জাহাজটিকে স্বাগত জানাতে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি এবং বাংলাদেশ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরসূচি অনুযায়ী, ভারতীয় জাহাজের অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের নেভাল অ্যাডভাইজারসহ একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এই শুভেচ্ছা সফরের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকেরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ পরিদর্শন করার সুযোগ পাবেন। এর পাশাপাশি তারা চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন।
একইভাবে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকেরাও ভারতীয় যুদ্ধজাহাজ ‘সুনায়না’ পরিদর্শন করবেন এবং নিজেদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় করবেন। দুই দেশের নৌবাহিনীর মধ্যে এ ধরনের নিয়মিত সফর সামরিক কূটনীতি ও কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সফর শেষে আগামী ১০ মে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘সুনায়না’ বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথা রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা দীর্ঘমেয়াদে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। পুরো অনুষ্ঠানজুড়ে কঠোর নিরাপত্তা ও নৌবাহিনীর ঐতিহ্যবাহী শিষ্টাচার বজায় রাখা হয়েছে।
সময়ের আলো/টিএইচ